
নীরবতা ভেদ করে মঞ্চ কাঁপিয়ে উচ্চকণ্ঠে সেই চিরচেনা উচ্চারণ—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ প্রতীকী বঙ্গবন্ধু তখন মঞ্চে। বজ্রকণ্ঠে সেই অমর স্বাধীনতার ডাক। যেন ফিরে এসেছে সেই সাতই মার্চ। মিলনায়তনটিই যেন রেসকোর্স ময়দান।
গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হওয়া মুজিব মানে মুক্তির একটি দৃশ্য এটি। গতকাল ১৫ আগস্ট ছিল ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী। এ দিনটিকে উপলক্ষ করে বঙ্গবন্ধুকে স্মরণ করে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাটকটি। নাট্যজন লিয়াকত আলীর গ্রন্থনা ও নির্দেশনায় লোক নাট্যদল এটি মঞ্চস্থ করে।
বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবনভিত্তিক ঐতিহাসিক নাট্য আখ্যান এটি। নাটকের শুরুতে নেপথ্যে বাজতে থাকা একটি দেশাত্মবোধক গানের সঙ্গে মঞ্চ ঘুরে বেড়ান শিশু মুজিব। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। ভাষা আন্দোলন থেকে ৬ দফা, ১১ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলার পর মহাকাব্যিক সাতই মার্চ এবং এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ-পরবর্তী ঘটনাবলিও স্থান পায় নাটকে। নাটকটির উল্লেখযোগ্য দিক ছিল দেশাত্মবোধক গান পরিবেশনা। ঘটনার বর্ণনার সঙ্গে দেশাত্মবোধক গানের সমন্বয় ছিল অনবদ্য।
নাট্য মঞ্চায়ন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। তাদের কণ্ঠে গীত হয় ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’। ‘দুঃখিনী বাংলা জননী বাংলা’ এবং ‘সাড়ে সাত কোটি মানুষের’ গানের সুরে সমবেত নৃত্য পরিবেশন করে একাডেমির রেপার্টরি নৃত্যদল। ‘যত দিন রবে পদ্মা মেঘনা’ শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করে ধৃতি নর্ত্তনালয়। ছিল একক গান ও কবিতাপাঠের আসর।
বাংলা একাডেমির আয়োজন: বাংলা একাডেমিতে গতকাল বিকেলে বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি, সংগীত ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
বঙ্গবন্ধুকে নিবেদন করে আবৃত্তি করেন শিল্পী মাহিদুল ইসলাম। গান শোনায় কবি অসীম সাহা পরিচালিত সাংস্কৃতিক সংগঠন সহজিয়া। ম. হামিদ প্রযোজিত প্রামাণ্যচিত্র সেই অন্ধকার প্রদর্শিত হয়।