'মুশকিল আসান' আফতাব ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাহিদা মতো ছাগল নিয়ে হাজির আফতাব ভাই
চাহিদা মতো ছাগল নিয়ে হাজির আফতাব ভাই

এই সময়ের ব্যস্ত শুটিং স্পট গাজীপুরের পুবাইল। এখানে প্রতিদিনই চলছে অসংখ্য নাটক-সিনেমার শুটিং। সেই শুটিংয়ে কত অঘটন আর ঘটনাও তো ঘটে। বিশেষত শুটিংয়ের সেট-প্রপস নিয়ে হরহামেশা দেখা দেয় নানা সমস্যা। আর সেই সব সমস্যা—কথ্য বাংলায় যাকে বলা যায় মুশকিল, তার থেকে আসান মানেই আফতাব ভাই। তাই এখন তাঁর নামই হয়ে গেছে ‘মুশকিল আসান’। ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তাই না?
ভেঙে বলি: শুটিংয়ের জন্য বাড়ি প্রয়োজন? প্রয়োজন গরু-ছাগল, হাঁস-মুরগি কিংবা অন্য কোনো কিছু? মুহূর্তেই সেটি হাজির করে দেবেন আফতাব ভাই।
এবার আপনার মনে প্রশ্ন, কে এই আফতাব ভাই? সেই বৃত্তান্ত জানাব খানিক বাদে। গত ২৮ জুনের কথা। পুবাইলের ষোরল গ্রামের বিলবেলায় শুটিংবাড়িতে চলছে আনন্দ গ্রাম ধারাবাহিকের শুটিং। নাটকের দৃশ্যে হঠাৎ প্রয়োজন হলো একটি ছাগলের। কিন্তু সে মুহূর্তে কোথায় পাওয়া যাবে ছাগল? ডাক পড়ল আফতাব ভাইয়ের।
‘আফতাব ভাই, একটা ছাগল লাগবে।’ যেই কথা সেই কাজ। ঠিক ঘণ্টা খানেকের মাথায় তিনি হাজির, সঙ্গে ছাগল।
আরেক দিন। নাটকের শুটিংয়ের মাঝখানে দরকার হলো ব্যান্ড পার্টি। কিন্তু সারা গ্রাম ঘুরে ব্যান্ড পার্টি তো আর পাওয়া যায় না। শেষমেশ উদ্ধার করলেন আফতাব ভাই। তাঁকে বলা মাত্র এসে পড়ল ব্যান্ড পার্টি। আফতাব ভাই এমনই। এখন এই শুটিং ইউনিট তো একটু পরেই তাঁকে পাওয়া যাবে অন্য ইউনিটে। তিনি যেন সকল কাজের কাজি।
কাঁধে একটি কস্টিউমের ব্যাগ। আফতাব ভাই ঘুরছেন বিভিন্ন ইউনিটে। কী আছে তাঁর ব্যাগে? আছে নানা চরিত্রের পোশাক—কখন কোন ইউনিট থেকে কোন চরিত্রে অভিনয়ের ডাক পড়বে কে জানে! এ ছাড়া প্রপস সরবরাহের কাজ তো আছেই। এই তো কয়েক দিন আগে একটি নাটকে অভিনয় করলেন গ্রামবাসীর চরিত্রে। তবে অভিনয়ের চেয়ে শুটিং ইউনিটগুলোতে নানা ধরনের প্রপস সরবরাহই তাঁর প্রধান কাজ।
জন্ম ১৯৬৪ সালে পুবাইলের বাড়ইবাড়ি গ্রামে। এখানেই বেড়ে ওঠা । ১০ বছর বয়সে স্কুলের দুই ভাই মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। অভিনয় করেছেন গ্রামের বিভিন্ন যাত্রামঞ্চে।
তারপর নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছেন তিনি । এ পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক নাটকে।
অভিনয়ে তাঁর চরিত্রগুলোর ব্যাপ্তি খুব কম। কিন্তু শিল্পী-কলাকুশলী সবার কাছে পরিচিতির জায়গাটি অনেক বড়। সবার সঙ্গেই গভীর সখ্য আফতাব ভাইয়ের। শিল্পীরা গ্রাম থেকে মাছ নিয়ে যাবেন, কিংবা ফলমূল? আফতাব ভাই-ই একমাত্র ভরসা। যাঁকে নিয়ে এত কথা, এবার তাঁর কথাও একটু শুনে নিই। আফতাব ভাই বললেন, ‘পুবাইলে যখন শুটিং শুরু হয়, গ্রামবাসী তখন এ কাজের সঙ্গে খুব বেশি অভ্যস্ত ছিলেন না। পরিচালকেরাও ভালো করে সব কিছু চিনতেন না। সে সময় আমিই সবার সব প্রয়োজনে দৌড়াতাম। সব কিছুর ব্যবস্থা করে দিতাম। এভাবে মিডিয়ার সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর অভিনয়ের প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই। কিন্তু নাটক-সিনেমায় এখনো কোনো বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পাইনি। তবে অভিনয়কে ভালোবেসেই আমি কাজ করে যাই।’