‘মূলধারার থিয়েটারে আমার বিশ্বাস নেই’
পশ্চিমবঙ্গের নাট্যকার, পরিচালক প্রবীর গুহ গ্রাম থিয়েটারের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। গ্রাম থিয়েটারের উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, বরগুনা, রাজশাহীর চারঘাটসহ বেশ কিছু জেলায় তিনি কয়েকটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। ১৯৭৭ সালে ভারতে অল্টারনেটিভ লিভিং থিয়েটার (এএলটি) প্রতিষ্ঠা করে নিরন্তর কাজ করে চলেছেন তিনি। নাটক রচনা ও পরিচালনার জন্য ২০০৮ সালে ভারতের সংগীত ও নাট্য একাডেমি পদক গ্রহণ করেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে। এ ছাড়া বেশ কয়েকটি পদক ও সম্মাননা পেয়েছেন এরই মধ্যে।আপনি দীর্ঘদিন ধরে বিকল্পধারার থিয়েটার চর্চা করে আসছেন। এই দীর্ঘ পথপরিক্রমায় সফলতা পরিমাপ করার ভার আপনারই ওপর যদি চাপিয়ে দিই?প্রবীর গুহ: আমি পশ্চিমবঙ্গের খড়দহে বিদ্যালয়ের ছোট কক্ষে যে নাট্যচর্চা শুরু করেছিলাম, তা আজ অনেক ব্যাপকতা লাভ করেছে। এখন ভারতের বিভিন্ন রাজ্যে এর চর্চা হচ্ছে। বিভিন্ন দেশেও আমি কর্মশালা পরিচালনা করেছি। বাংলাদেশে বেশ কয়েকবার প্রশিক্ষণ কর্মশালা ও নাটক পরিচালনা করেছি। ভারতে বেশ কাজ হচ্ছে। বলতে পারি, একেবারে সীমিত পরিসরে যে চর্চা শুরু করেছিলাম, তা আজ অনেক বিস্তৃত।অল্টারনেটিভ লিভিং থেয়েটারের (এএলটি) স্বাতন্ত্র্যটা আসলে কোথায়?প্রবীর গুহ: চিন্তায় মননে দর্শনে যেভাবে চাই, সেভাবে থিয়েটারটা করা। অভিনেতা-অভিনেত্রীদের শরীরী ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ) ব্যবহার করে আমাদের লোকজ আঙ্গিকের সংমিশ্রণে সর্বজনীন একটা ভাষা তৈরি করা। লিভিং থিয়েটারের বিষয়বস্তু মানুষের চলমান জীবন থেকে নেওয়া হয়। আমরা নাটক কথাটা ব্যবহার করি না, থিয়েটার বলি। আমার কাছে নাটক মানে এক কিংবা দুই ঘণ্টার একটি অনুষ্ঠান মনে হয়। থিয়েটার মানে লাইভ। চলমান জীবন থেকে আমি থিয়েটারের বিষয়বস্তু নির্বাচন করি। অভিনেতা-অভিনেত্রীদের শরীরের ভাষা, লোকজ উপাদান ও স্থানের ব্যবহারে আমি ভিন্নতা আনার চেষ্টা করছি।আমাদের প্রসেনিয়াম থিয়েটারে কি সেগুলো নেই?প্রবীর গুহ: মূলধারার থিয়েটারে আমার বিশ্বাস নেই। সেখানে পাত্রপাত্রী থাকে মঞ্চে আর দর্শক নিচে। দর্শকের আলো নিভিয়ে দিয়ে মঞ্চে মায়া তৈরি করা হয়। আমার কাছে মনে হয়, মঞ্চ মায়ার মধ্যে কোথাও যেন বিনোদন থেকে যায়, আমি বিনোদনের পক্ষে নই। আমি সেই থিয়েটারের বিপক্ষে, যেটা মানুষের সংগ্রামকে সমর্থন করে না। প্রসেনিয়ামে দর্শক ও অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে দূরত্ব থাকে। আমরা যে থিয়েটার করি, তাতে দর্শকের ওপর থেকে আলো কখনোই নেভাই না। আমার থিয়েটারের চরিত্ররাও মঞ্চ ও স্থান দুই ক্ষেত্রেই দর্শকের মধ্য থেকেই অনেক সময় অভিনয় করে। তবে আমি প্রসেনিয়ামে যে থিয়েটার করব না বা করি না তা নয়। আমি প্রথাগত প্রসেনিয়াম ধারার বিপক্ষে।আপনি কি ব্রেখটের নাট্যতত্ত্বে অনুপ্রাণিত?প্রবীর গুহ: আমি কারও কথাকে বেদবাক্য মনে করি না। আমি কেন ব্রেখটের কাছ থেকে বিযুক্তিকরণ তত্ত্ব নেব? অনেক আগে থেকে এটা তো আমাদের লোকজ ফর্মে আছে, যা যুগ যুগ ধরে চর্চা হয়ে আসছে। আমি ব্রেখট থেকে নেব তার সত্যবাদিতা। হিটলারের সময় দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে কথা বলেছেন ব্রেখট। আজকে যারা ব্রেখট করে ফাটিয়ে দিচ্ছে, তাদের হিম্মত নেই শাসকদলের বিরুদ্ধে কিছু বলার। অথচ গলা ফাটাচ্ছে ব্রেখট ব্রেখট করে।আপনি পশ্চিমবঙ্গের নাট্যজন, সেখানকার থিয়েটারের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মত কী?প্রবীর গুহ: ভালো সময় যাচ্ছে। থিয়েটার দেখতে এসে দর্শক টিভি নাটক ও সিনেমা দেখছে। সংখ্যার দিক থেকে হয়তো অনেক বেশি নাটক হচ্ছে। কোয়ালিটি বাড়ছে না কিন্তু। পাশ্চাত্যকে নকল করে আর কত দিন চলা যায়! এর মধ্যে যে কজন সম্ভাবনাময় ছিল, তারা আবার টেলিভিশন ও চলচ্চিত্রের দিকে ঝুঁকে গেছে। আমার ধারণা, আগামী দিনের বাংলা থিয়েটার বলতে বিশ্বে বাংলাদেশের থিয়েটারকেই চিনবে।বিশ্বনাট্যে বাংলা নাটকের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে?প্রবীর গুহ: আগামী দিনে বাংলা থিয়েটারকে বিশ্ব থিয়েটারে স্বমহিমায় দাঁড়াতে হলে পাশ্চাত্য ঢঙের চর্চা থেকে বেরিয়ে আমাদের দেড় হাজার বছরের নাট্য ঐতিহ্যের সন্ধান করতে হবে। তাকে তুলে আনতে হবে। আমাদের লোকনাট্যের আঙ্গিকগুলোই পারে আগামী দিনের বিশ্ব থিয়েটারে বাংলা থিয়েটারকে তার নিজস্ব অবস্থানে পৌঁছে দিতে, যা বিশ্ববাসীর কাছে তুলে ধরবে আমাদের থিয়েটারের নিজস্বতাকে। এমন কিছু দল ও মানুষ বাংলাদেশে আছেন, তাই তাঁদের ওপর আমার অগাধ আস্থা।