‘মৃত্তিকা মায়া’য় গাইলেন আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অনুদানে নির্মিত গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ ছবির গানে কণ্ঠ দিলেন অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ। ছবিতে মোহন পাল নামের একজন সংগ্রামী কুমারের চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। ‘গোয়াইল্লা ডোহার মাটি, সালনি চকের খড়/ কলসি খাদা ধানের ভাটি, চটির চানগাড়িতে ভর’—এমন কথার গানটি লিখেছেন পরিচালক গাজী রাকায়েত নিজে। আর ছবির জন্য গানটির সুরও তিনিই করেছেন। প্রথম আলো ডটকমকে আসাদ বলেন, ‘আমি “মৃত্তিকা মায়া” ছবিতে গানটি গেয়েছি খালি গলায়। যে গানটি করেছি, একে অভিনয়েরই অংশ বলতে পারেন। শুনেছি, গানটি অ্যালবামের জন্য নতুনভাবে রেকর্ড করা হবে।’ছবিটি প্রসঙ্গে আসাদ বলেন, ‘ভালো একটি গল্পের ছবিতে কাজ করেছি। পুরো ছবির কাজ শেষে এখন সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে।’এদিকে গানটি প্রসঙ্গে পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘এই ছবিতে মোট চারটি গান থাকবে। রাইসুল ইসলাম আসাদ যেটি গেয়েছেন, সেটি ছবির খুবই গুরুত্বপূর্ণ একটি গান। পুরো ছবিতে গানটি নানাভাবে ব্যবহার করা হবে। ছবির জন্য গানটি তিনি খালি গলায় গেয়েছেন। তবে অ্যালবামের জন্য আবার নতুন করে গানটি রেকর্ড করা হবে। আসাদ ভাইয়ের কণ্ঠে গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস। বলতে পারেন অন্য রকম একটি গান হবে এটি।’ পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটির কাজ শেষ হয়েছে। খুব শিগগির এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন মামুনুর রশীদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, অপর্ণা প্রমুখ।‘মৃত্তিকা মায়া’ ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন সাজ আহমেদ শাহরিয়ার। আর গানগুলোর কথা লিখেছেন মাফরুহা সোহানা।