
‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা...।’ নাটকের মানুষ আতাউর রহমানকে ৭৫তম জয়ন্তীর শুভেচ্ছা জানাতে রবীন্দ্রনাথেই আশ্রয় নিলেন সহশিল্পী সারা যাকের। রবীন্দ্রনাথকে নিয়ে আতাউর রহমানের অনেক কাজ। অল্প আলাপেই তিনি নিজেও রবীন্দ্রনাথের ওপর ভর করেন। গতকাল শনিবার তাঁর জন্মদিনের আনন্দ অনুষ্ঠানেও তাই রবীন্দ্রনাথ এসেছিলেন বারবার।
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে গতকাল বিকেলে হয়ে যাওয়া আয়োজনটি ছিল ছোট পরিসরে। কিন্তু আয়োজনটি ছিল নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ। গান, কবিতা পাঠ, স্মৃতিচারণ, কর্মময় জীবনের মূল্যায়ন ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে উদ্যাপিত হলো নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের ৭৫তম জয়ন্তী। আয়োজক আতাউর রহমানের ৭৫তম জন্মদিন উদ্যাপন পর্ষদ।
শুরুতে পর্ষদের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ মঞ্চে বললেন, ‘কী করে শুরু করব অনুষ্ঠান। কোনো আনুষ্ঠানিকতা আজ নেই, বরং তাঁর সঙ্গে বয়ে যাওয়া সময় উঠে আসুক।’ ‘মঞ্চসারথি’ আতাউর রহমানের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন সহশিল্পী, বন্ধু, অনুরাগীরা। শুভেচ্ছা নিয়ে আতাউর রহমানের সকৌতুক মন্তব্য সমাগত অতিথিদের দারুণ আনন্দ দিয়েছে। যেখানে আতাউর রহমানের শৈশব, কৈশোর, তারুণ্য নিয়ে স্মৃতিচারণের বেশির ভাগই ছিল নোয়াখালী আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মিশ্রণ। বললেন, ‘আমি রবীন্দ্রনাথের “ঘরে-বাইরে”র বিমলার মতো লোভী। এ লোভ শিল্প-সাহিত্যের প্রতি। মৃত্যুর আগে সব কথা শুনে যেতে চাই। সে ভালো হোক, আর খারাপ হোক।’ অনুষ্ঠানের এক ফাঁকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যে খুদেবার্তা পাঠান, তা পড়ে শোনান তিনি। সৈয়দ হক লিখেছেন—‘৭৫!!! হোয়াট এ ম্যাজিক নাম্বার...’।
অনুষ্ঠানে শিল্পী রেজওয়ানা চৌধুরী গেয়ে শোনান আতাউর রহমানের প্রিয় দুটি গান ‘এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর’ ও ‘জগতের আনন্দযজ্ঞে’।
উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে নাসির উদ্দীন ইউসুফের লেখা শংসাবচন পাঠ করেন শিরীন বকুল। আতাউর রহমানের লেখা তিনটি কবিতা আবৃত্তি করেন ফারহানা মিঠু। আতাউর রহমানের ছেলে শাশ্বত চৌধুরীর লেখা ইংরেজি কবিতা পাঠ করে শোনান পূজা সেনগুপ্ত।
শুভেচ্ছা জানিয়ে কথা বলেন রামেন্দু মজুমদার, কেরামত মাওলা, লাকী ইনাম, গোলাম কুদ্দুছ প্রমুখ।
আয়োজনের শেষাংশে থিয়েটার স্কুল প্রাক্তনি ওয়েটিং ফর গোডো ও নাগরিক নাট্য সম্প্রদায় অপেক্ষমাণ নাটকের কিছু অংশ মঞ্চস্থ করে।