মৃৎশিল্পী আজহারুল ইসলাম শিল্পচর্চার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার প্রকাশিত হলো গুণী এই শিল্পীর জীবন ও শিল্পকর্মভিত্তিক প্রকাশনা। মৃৎশিল্পের নান্দনিক রূপকার শিরোনামের গ্রন্থটিতে লিখেছেন ৫১ জন লেখক, শিল্প-সমালোচক, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক। সম্পাদনা করেছেন শেখ মনির উদ্দিন। বইটিতে শিল্পীর জীবনের নানা বিষয়ের পাশাপাশি উঠে এসেছে মৃৎশিল্প-সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য। উঠে এসেছে শিল্পীর কর্মজীবন, ব্যক্তিমানস, শিল্পদর্শন, করণকৌশল ও সামাজিক কল্যাণযোগ। বইটি প্রকাশ করেছে বাংলালিপি।
ওই দিন বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ, ভাস্কর হামিদুজ্জামান খান, কথাসাহিত্যিক বুলবন ওসমান, শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ ও আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন।