
‘এই ড্রেসটা কেমন হয়?’ নীল টপসের সঙ্গে গোলাপি রঙের লেহেঙ্গা দেখিয়ে রামিমকে জিজ্ঞেস করলেন অপু বিশ্বাস। উত্তরে রামিম বললেন, ‘হ্যাঁ হ্যাঁ ভালো হবে, গানের দৃশ্যে ভালো দেখাবে।’
‘ইউ আর সো সুইটস রামিম।’ বলেই হেসে ফেললেন অপু। সেই হাসি চারপাশ ছড়াল। হাসি থামল। এবার রামিম বললেন ‘শোনো, তোমার ড্রেস সেন্স কিন্তু বরাবরই ভালো অপু আপা।’ ৩ নম্বর ফ্লোরের গ্রিনরুমে গিয়ে ফ্যাশন ডিজাইনার রামিম আর অপুর এই কথোপকথন শুনলাম৷ এরই ফাঁকে জানতে চাইলাম আজ কোন ছবির শুটিং? শুনেই অপু কিছুটা রোমাঞ্চিতই হলেন বটে। ঝটপট উত্তর তাঁর। বললেন, ‘কেন, শাকিবের নিজের প্রথম প্রযোজনা হিরো দ্য সুপারস্টার ছবির শুটিং! আজ গানের দৃশ্য ধারণ হবে।’ কিন্তু ওই ফ্লোরের স্টুডিওর মধ্যে কোনো সেট সাজানো নেই। কোথায় ধারণ হবে তা বোঝা গেল না। শাকিব কিংবা ইউনিটের কাউকেই আশপাশে দেখলাম না৷ গ্রিনরুম থেকে বেরিয়ে মূল দরজার মুখে দাঁড়ানো একজন ইউনিট কর্মী বললেন, চিত্রনায়ক জসীম ফ্লোরে সেট ফেলা হয়েছে। ওখানেই সবাই আছেন। এ কথা শুনে প্রধান রাস্তা ধরে ওপথে হাঁটা ধরি আমরা।
দুই
জসীম ফ্লোরের ভেতরে ঢুকেছি৷ বাঁ পাশে স্টুডিওর মূল দরজায় উঁকি দিয়ে দেখি অর্ধেক ফ্লোরজুড়ে গানের সেট। পাশে দেখা গেল নৃত্যপরিচালক মাসুম বাবুল চূড়ান্ত ধারণের আগে তাঁর দলের ছেলেমেয়েদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। অন্য পাশে পরিচালক বদিউল আলম খোকন মনিটরে বসে ক্যামেরার লেন্স সেটের সঙ্গে মিলিয়ে নিতে ব্যস্ত। কিন্তু ওপথে না ঢুকে বরাবর সোজা গ্রিনরুমে ঢুকে গেলাম। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আধাশোয়া অবস্থায় বসে আছেন শাকিব খান। দরজা খোলার শব্দে চোখ খুলে গেল তাঁর। আমাদের দেখেই ‘আরে! বসেন বসেন। গতকাল রাত তিনটা পর্যন্ত শুটিং করেছি। সকালে উঠে আবার এখানে। ঘুম হয়নি। খুবই ক্লান্ত লাগছে।’ শাকিব এ কথাগুলো বলতে বলতে চেয়ারে ঠিকমতো বসলেন। আমরা বলি, টানা শুটিং করলেন মনে হয়? শাকিব, ‘হ্যাঁ, টানা কাজ করছি। ছবির অন্য সব কাজ শেষ । এখন শুধু তিনটা গান বাকি আছে। আজকের গানের একটা অংশ ও আরেকটি পুরো গান নিয়ে কাল সকালে থাইল্যান্ডে রওনা হব।’ কবে নাগাদ মুক্তি দেবেন ছবিটি? ‘এই যে সামনের রোজার ঈদে’—বললেন শাকিব।
এর মধ্যে একগাদা জিনসের প্যান্ট আর টি-শার্ট নিয়ে শাকিবের সামনে হাজির হলেন একজন ইউনিট কর্মী। কোনটা পরে গানের সঙ্গে নাচবেন তা বাছা শুরু করলেন শাকিব৷ এই ফাঁকে মূল স্টুডিওতে প্রবেশ করি আমরা। খুবই উত্তেজিত মনে হলো খোকনকে। হিরোইন অপু বিশ্বাসকে সেটে আসার জন্য ফোনে বারবার তাগিদ দিচ্ছেন সহকারী পরিচালককে। ওদিকে বেচারা সহকারী পরিচালক ৩ নম্বর ফ্লোরের গ্রিনরুমে অপুকে আনার জন্য গিয়ে দাঁড়িয়ে আছেন। আবারও তাঁকে ফোন দিলেন পরিচালক। এবার যেন একটু বেশিই খেপে গেলেন তিনি। ‘মেকঅাপ নিতে কি এত দেরি হয়? কখন কাজ শুরু করবা তোমরা। তোমাদের যা ইচ্ছা তাই করো।’ বলেই ফোন কেটে দিয়ে চুপচাপ খোকন। খুব দ্রুতই সেটে এসে ঢুকলেন অপু বিশ্বাস। ওদিকে শাকিব খান আগে থেকেই প্রস্তুত। পুরো ফ্লোর যেন জেগে উঠল এবার। দুজনই সেটে দাঁড়িয়ে গেলেন। মাসুম বাবুল কাছে গিয়ে দুজনকে বললেন, ‘চলো, গানের মুখের প্রথম অংশটুকু দেখিয়ে দিই।’ মাথা ঝাঁকিয়ে দুজনই সায় দিলেন। গান বাজাও বলে হাঁক দিলেন তিনি। সঙ্গে সঙ্গে ক্যাসেট প্লেয়ারে বেজে উঠল গান।
ওদিকে বাইরের আকাশে মেঘেরও হাঁকডাক শুরু হয়েছে তখন। সন্ধ্যাও পেরিয়েছে আগেই।