'মেড ইন চিটাগাং' নিয়ে জটিলতা

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত নাটক ‘মেড ইন চিটাগাং’। এখন পর্যন্ত নাটকটির পাঁচটি সিক্যুয়েল জিটিভির বিশেষ অনুষ্ঠানমালায় নিয়মিত প্রচারিত হয়ে এসেছে। ইমরাউল রাফাত পরিচালিত এ নাটকের প্রথম পর্ব থেকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। চট্টগ্রামবাসীর কাছে নাটকটি বেশ জনপ্রিয়তাও পায়। আর জনপ্রিয়তার কারণে চ্যানেল কর্তৃপক্ষ ও নির্মাতা নাটকটির নির্মাণ-প্রক্রিয়া অব্যাহত রাখেন।
এবারের ঈদে নাটকটির শেষ পর্ব প্রচারিত হওয়ার কথা ছিল। চ্যানেল কর্তৃপক্ষ ও নির্মাতা প্রস্তুতিও নিয়েছিলেন সেভাবেই। ‘মেড ইন চিটাগাং’ সিরিজের এবারের নাটকটির নাম রাখা হয় ‘মেড ইন চিটাগাং সুপার মডেল’। ঈদের আগে টিভি চ্যানেলে ‘মেড ইন চিটাগাং সুপার মডেল’ নাটকের প্রোমোও প্রচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর নাটকটি প্রচার করেনি চ্যানেল কর্তৃপক্ষ। এতে হতাশ হয়েছেন চট্টগ্রামের নাট্যপ্রেমী অগণিত দর্শক। অবাক হয়েছেন নাটকটির নির্মাতা রাফাত নিজেও।
নির্মাতা ইমরাউল রাফাত প্রথম আলো ডটকমকে বলেন, ‘গাজী টিভির জন্য নাটকটি নির্মাণ করি। শুরু থেকে গাজী টিভি কর্তৃপক্ষ নাটকটি বেশ পছন্দ করে। দুঃখজনক হলেও সত্য, গাজী টিভিতে “মেড ইন চিটাগাং” নাটকের প্রথম পর্ব প্রচারিত হওয়ার পর থেকে অন্য কয়েকটি টিভি চ্যানেল চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটকটি তাদের চ্যানেলে প্রচারের ব্যাপারে বেশ আগ্রহী হয়। যেহেতু গাজী টিভিতে নাটকটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে, তাই তাদের আগ্রহটা আমার কাছে গুরুত্ব পেয়েছে বেশি। গাজী টিভি কর্তৃপক্ষের আগ্রহের কারণেই একে একে পাঁচটি সিক্যুয়েল নির্মাণ করি। এবারের ঈদে ষষ্ঠ ও শেষ কিস্তিটি নির্মাণের জন্য চ্যানেল কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করে। সবকিছুই চ্যানেল কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী করেছি। চ্যানেল প্রোমোও চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঈদের ঠিক চার-পাঁচ দিন আগে জানতে পারলাম, নাটকটি চ্যানেল কর্তৃপক্ষ প্রচার করতে পারবে না। কারণ জানতে চাইলে গাজী টিভির অনুষ্ঠানপ্রধান ও বিপণন বিভাগের এক কর্মকর্তা জানান, চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের কারণেই তাঁরা নাটকটি প্রচার করতে পারছেন না। কবে, কখন নাটকটি প্রচারিত হবে, তাও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি আমাকে।’
এ ব্যাপারে গাজী টিভির বিপণন বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানের কিছু কৌশলগত কারণে নাটকটি এবারের ঈদে নির্ধারিত সময়ে প্রচার করা সম্ভব হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়ে খুব শিগগির বিশেষ কোনো দিবসে নাটকটি প্রচারের ব্যবস্থা করব। আশা করছি, ১৬ ডিসেম্বর নাটকটি প্রচার করতে পারব।’
চট্টগ্রামের এনজিও-কর্মী সেলিনা আকতার বলেন, ‘ঈদে আর কোনো নাটক দেখি আর না দেখি, “মেড ইন চিটাগাং” আমাদের সবারই দেখা হয়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটকটি আমাদের সবার পছন্দের। এই ঈদে নাটকটির শেষ পর্ব প্রচার হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেখতে পারিনি। বিষয়টিতে বেশ মর্মাহত হয়েছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র আনসার উল ইসলাম বলেন, ‘আঞ্চলিক ভাষার অনেক নাটকই দেখেছি। কিন্তু আমাদের চট্টগ্রাম অঞ্চলের বিষয়বস্তু নিয়ে কোনোদিন নাটক দেখিনি। মনে মনে ভেবেছিলাম, আমাদের অঞ্চলের বিষয়বস্তু অবলম্বন করে কেউ একজন যদি নাটক নির্মাণ করত তাহলে বেশ ভালো হতো। এরই মধ্যে “মেড ইন চিটাগাং” নাটকটির ব্যাপারে জানতে পারি। প্রথম থেকে নাটকটির প্রতি ভালো লাগা জন্ম নেয়। শুধু আমার একার নয়, নাটকটি আমাদের বন্ধুমহলের অনেকের কাছেও বেশ জনপ্রিয়তা পায়। কিন্তু এবারের ঈদে নাটকটি দেখতে না পেরে খুব মন খারাপ হয়েছে।’
‘মেড ইন চিটাগাং সুপার মডেল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, নিশা, সুজাত শিমুল, ইমতিয়াজ প্রমুখ।