নওশাবা । অভিনয়শিল্পী। বিবিসি মিডিয়া অ্যাকশন তৈরি করেছে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়া। আজ প্রচারিত হবে বিটিভিতে। নাটকটিতে অভিনয় করেছেন তিনি।

কেমন আছেন?
মনটা খারাপ। আমার মেয়ে প্রকৃতির খুব জ্বর। আট দিন হলো। ওর বয়স ২০ মাস। এখন আর কোনো কাজ করছি না। মেয়েকে নিয়েই আছি।
‘উজান গাঙের নাইয়া’ নাটকের কাজ তো গত মাসে শেষ হয়েছে। ওই সময় মেয়েকে কাছেই রেখেছিলেন?
হ্যাঁ। আমরা কাজ করেছি মানিকগঞ্জের নবগ্রামে। আর থেকেছি ওখান থেকে এক কিলোমিটার দূরে, প্রশিকায়। চার মাস ওখানে ছিলাম। পুরোটা সময় প্রকৃতি আমার সঙ্গেই ছিল। মেয়েকে নিয়ে অভিনয় করেছি। বিবিসির লোকজনও খুব সহযোগিতা করেছেন।
‘উজান গাঙের নাইয়া’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।
এক কথায় চমৎকার। নাটকের কাজ করছি, তা একবারের জন্যও মনে হয়নি। মনে হতো চলচ্চিত্রের শুটিং করছি। সারা দিনে তিন-চারটা দৃশ্যের কাজ করেছি। তাই আমরা প্রত্যেকে সবার সেরা কাজ এখানে করার চেষ্টা করেছি। তখন মনে হয়েছে, ঢাকায় ফেরার পর তো এক দিনে ২০-২২টা দৃশ্যের কাজ করতে হবে। এখানে এভাবেই কাজ হচ্ছে। আসলে আমরা সব ধরনের কাজেই অভ্যস্ত হয়ে গেছি।
আপনি একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, ‘উধাও’। এরপর কিছু ভেবেছেন?
উধাও গত বছর মুক্তি পেয়েছিল। এরই মধ্যে আরেকটি ছবিতে অভিনয় করেছি। নাম আন্ডার কন্সট্রাকশন । পরিচালক রুবাইয়াৎ হোসেন। এই ছবিতে বলিউডের রাহুল বোস আর শাহানা গোস্বামীর সঙ্গে অভিনয় করেছি। উধাও ছবিতে আমি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলাম। এরপর একই ধরনের চরিত্রে অভিনয় করার অনেকগুলো প্রস্তাব পাই। করিনি। এবার কিন্তু একেবারেই উল্টো, বিদেশ থেকে এসেছি, নিজেকে সব সময় সুখী বলে প্রচার করি।
এখন টিভিতে আপনার কোন কোন ধারাবাহিক প্রচারিত হচ্ছে?
এনটিভিতে ভালোবাসার চতুষ্কোণ আর এসএ টিভিতে কাম টু দ্য পয়েন্ট। এ ছাড়া বাংলাভিশনের জন্য করছি নিয়াজ মাহবুবের কালো মখমল নামে আরও একটি ধারাবাহিক নাটক।
বিনোদন প্রতিবেদক