'মেরিল-প্রথম আলো পুরস্কার' সব দিক থেকেই ঊর্ধ্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়েল আইচ । জাদুশিল্পী। এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আজ দুপুরে মাছরাঙা টিভিতে আর রাতে এটিএন বাংলায় দেখানো হবে অনুষ্ঠানটি।

জুয়েল আইচ
জুয়েল আইচ

‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের উপস্থাপক...
প্রতি বছরই আমি এই অনুষ্ঠানে অংশ নিই। তবে দর্শক হিসেবে। পুরস্কারও তুলে দিয়েছি। এবারের অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। কারণ, এবার অনুষ্ঠানটি আমিই উপস্থাপনা করেছি। আমি বিশ্বাস করি, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ আয়োজনটি সব দিক থেকেই ঊর্ধ্বে।
অনুষ্ঠানের যে দিকটি আমাকে মুগ্ধ করেছে...
আমি তো অনেক বছর ধরে স্টেজ শোর সঙ্গে যুক্ত। সেগুলোর মহড়া সাধারণত অনুষ্ঠানের এক দিন আগে হয়। কিন্তু ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয় মাস খানেক আগেই। অনুষ্ঠানটির কর্তৃপক্ষ ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে কোনো আপস করে না। ঠিক সময়ে অনুষ্ঠান শুরু করে। ১০-১২ দিন আগে বাসায় দাওয়াতপত্র চলে আসে। দারুণ সব পরিকল্পনা। মুগ্ধ না হয়ে উপায় নেই।

সম্প্রতি বিজ্ঞাপনচিত্রে অভিনয়...

বিজ্ঞাপনচিত্রে খুব একটা কাজ করি না। এবারের ভাবনা পছন্দ হয়েছে। পাশাপাশি আমাকে আমার মতো করে উপস্থাপন করা হয়েছে। যদি ইচ্ছেশক্তি প্রবল হয়, তাহলে কোনো বাধাই কাউকে আটকে রাখতে পারে না—বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে এই ব্যাপারটিই দেখানো হয়েছে।

ইউনিসেফের শুভেচ্ছা দূত...

ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে ঢাকা আর ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় শিশুশ্রম, জন্মনিবন্ধন, বাল্যবিয়ে, শিশুদের প্রতি সহিংসতা রোধ, শিশু ও মাতৃস্বাস্থ্য, এইচআইভি/এইডস এবং বস্তির শিশুদের সামাজিক সুরক্ষা বিষয়ে প্রচার, জনসচেতনতা তৈরি এবং উন্নয়নমুখী সামাজিক পরিবর্তনের জন্য কাজ করেছি।

জুয়েল আইচ যাঁর জাদুতে মুগ্ধ হন...

বিশ্বের অনেক নামকরা জাদুশিল্পী আমার বন্ধু। তাঁদের সঙ্গে নানা বিষয়ে আমার ভাবনার আদান-প্রদান হয়। তাঁদের মধ্যে ডেভিড কপারফিল্ড, গ্যারি কার্টস, জেফ ম্যাকব্রাইট ও ইউজিন বার্গার আমার দৃষ্টিতে অতুলনীয়। তাঁরা সবাই আমার প্রেরণার উৎসও বটে।

বিনোদন প্রতিবেদক