‘মেলফিসেন্ট’ ছবিতে পিট-জোলির তিন সন্তান
মা-বাবার পথ অনুসরণ করে রুপালি জগতে পা রাখছে হলিউডের তারকা যুগল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির তিন সন্তান। জোলি অভিনীত ‘মেলফিসেন্ট’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে চার বছর বয়সী ভিভিয়ান, আট বছর বয়সী প্যাক্স এবং সাত বছর বয়সী জাহারার। রূপকথার গল্প ‘স্লিপিং বিউটি’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘মেলফিসেন্ট’ ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জোলি। ছবিতে রাজকুমারী অরোরার ছেলেবেলার চরিত্রে দেখা যাবে চার বছর বয়সী ভিভিয়ান জোলি-পিটকে। আরও দুটি ছোট চরিত্রে অভিনয় করছে জোলির দুই সন্তান প্যাক্স ও জাহারা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইউএস উইকলি।জোলি বলেন, ‘ছবিটির চিত্রনাট্য চমত্কার। মাথায় শিং লাগিয়ে অভিনয় করতে দারুণ মজা লাগছে। আমার এই রূপ দেখে ছেলেমেয়েরাও মহা খুশি।’ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০০৮ সালে মুক্তি পায় ব্র্যাড পিট অভিনীত ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ ছবিটি। সেখানে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিল পিট-জোলির আরেক সন্তান শিলোহ। ‘মেলফিসেন্ট’ ছবিতেও তার অভিনয়ের কথা ছিল। কিন্তু শুটিংয়ের দিন হঠাত্ করেই বেঁকে বসে ছয় বছর বয়সী শিলোহ। তাই শেষ পর্যন্ত তাকে আর দেখা যাচ্ছে না এ ছবিতে।রবার্ট স্ট্রমবার্গ পরিচালিত ‘মেলফিসেন্ট’ ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন জুনো টেম্পল, স্যাম রাইলি, ইন্ডিয়া আইসলি, মিরান্ডা রিচার্ডসন প্রমুখ। ওয়াল্ট ডিজনি পিকচার্স পরিবেশিত ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালের ১৪ মার্চ।