'মেলায় আবৃত্তির অ্যালবামের কিছু স্টল থাকলে ভালো হতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মাহিদুল ইসলাম। আবৃত্তিশিল্পী। এবার বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে তিনি বের করেছেন আবৃত্তির ১০টি অ্যালবাম নিয়ে একটি সংকলন

মাহিদুল ইসলাম
মাহিদুল ইসলাম

এক মোড়কে দশ অ্যালবাম...
১০টি অ্যালবামের একটি সংকলন বের করেছি। এতে থাকছে বিষয়ভিত্তিক কবিতা। আটজন কবির কবিতা নিয়ে আটটি অ্যালবাম, বাকি দুটি মিশ্র। অ্যালবামগুলো বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার কাছেই টিএসসিতে পাওয়া যাচ্ছে।
হুমায়ূন আহমেদের ‘এই আমি’...
হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের অসংখ্য পাঠক সৃষ্টি করেছেন। তাঁর সহজ-সরল উপন্যাস পড়তে পড়তেই অনেকে পুরোদস্তুর পাঠক হয়ে উঠেছেন। তাঁর এই আমি বই থেকে সাতটি গল্পের পাঠ থাকছে এই অ্যালবামে। গল্পগুলো শোনার সময় পাঠকের নিশ্চয়ই ভীষণভাবে তাঁকে মনে পড়বে।
বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা আর আবৃত্তি...
যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বইমেলায় আমরা নিজেরা টেবিল নিয়ে স্টল দিতাম। সময়ের সঙ্গে সঙ্গে এখন তো মেলা অনেক বদলে গেছে। রাস্তায় স্টল নেই, শব্দদূষণ হয় বলে আবৃত্তির স্টলও থাকে না। টিএসসিতে আমাদের একটি স্টল রয়েছে। এখান থেকে প্রতিদিন অনেক অডিও সিডি বিক্রি হচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে মেলায় আবৃত্তির অ্যালবামের কিছু স্টল থাকলে ভালো হতো। আবৃত্তির চর্চা বাড়ানোর জন্য তা এখন খুব প্রয়োজন।
পায়ে চলার পথ...
রবীন্দ্রনাথের ‘পায়ে চলার পথ’ আমার প্রিয় কবিতা। জীবনের পথে চলাই কবিতাটির মূলভাব। ব্যক্তিগতভাবে আমি আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছি আবৃত্তির প্রশিক্ষণ দিয়ে। দুঃখ হলো, আমার পছন্দের ছাত্রছাত্রীদের কেউই আবৃত্তির সঙ্গে থাকেনি। টিভি সাংবাদিকতা বা সংবাদপাঠে ব্যস্ত হয়ে গেছে।
এ সময় আবৃত্তি...
আবৃত্তি নিয়েই আছি। আবৃত্তি আমার পেশা। দেশে, দেশের বাইরে প্রচুর আবৃত্তির শ্রোতা আছেন। শুধু যে অ্যালবাম হয় তা নয়, এখন আবৃত্তিশিল্পীদের কাজের অনেক সুযোগ আছে।
মো. সাইফুল্লাহ