‘মেহেরজান’ ছবির প্রদর্শনী বন্ধ!
মেহেরজান চলচ্চিত্রের প্রদর্শনী হঠাৎই বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের যে প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি প্রদর্শনের কথা ছিল, তা গত শুক্রবার থেকে আর হয়নি। কী কারণে মেহেরজান ছবির প্রদর্শনী বন্ধ করা হয়েছে, তা জানেন না ছবির পরিচালক রুবাইয়াত হোসেন।ঢাকার বলাকা ও স্টার সিনেপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, ছবির পরিবেশক আশীর্বাদ চলচ্চিত্র তা প্রদর্শন না করার জন্য প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এরপর শুক্রবার থেকে ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। পূর্ব ঘোষণা না থাকায় অনেক দর্শক গত শুক্রবার ও শনিবার বলাকা ও স্টার সিনেপ্লেক্সে মেহেরজান ছবি দেখতে গিয়ে ফিরে আসেন। মুক্তির পর কেউ কেউ মেহেরজান ছবিকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যা দিয়ে সমালোচনা করেন। গতকাল শনিবার ছড়ায় যে ছবিটি সেন্সর বোর্ড নিষিদ্ধ করেছে। কিন্তু জানা যায়, সেন্সর বোর্ড কর্তৃপক্ষ ছবির প্রদর্শনী বন্ধ করার জন্য কোনো চিঠি দেয়নি।ছবির পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, ‘আমি নিজেও জানতাম না যে ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে। প্রেক্ষাগৃহগুলোতে আমি খোঁজ নিয়েছি। তারা আমাকে বলেছে, পরিবেশনা প্রতিষ্ঠানের লোক এসে ছবির প্রিন্ট নিয়ে গেছে। আর সেই ছবির প্রিন্টগুলো আমাকে ফেরত না দিয়ে আশীর্বাদ চলচ্চিত্র তাদের অফিসে নিয়ে রেখেছে। আমি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে বলেছি, এই ছবি নিয়ে তো কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বা কোথাও কোনো বিক্ষোভ কিংবা মিছিল হয়নি, তাহলে কেন প্রদর্শনী বন্ধ করা হলো? উত্তরে তারা আমাকে বলেছে, ছবির প্রিন্ট আমাদের কাছে সরবরাহ করেছে আশীর্বাদ চলচ্চিত্র। তাই তাদের কথামতোই প্রিন্ট ফেরত দিতে হয়েছে।’পরিবেশনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রুবাইয়াত বলেন, ‘আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবীব খান এখন দেশের বাইরে আছেন। তাঁর সঙ্গে কথা বলতে পারিনি। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ছবিটি নিয়ে যেহেতু বিতর্ক উঠেছে, তাই এর প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, রুবাইয়াত ছবিটি নির্মাণের পর প্রদর্শনের জন্য আশীর্বাদ চলচ্চিত্রের সঙ্গে পরিবেশনা করার চুক্তি করেন। চুক্তিতে বাংলাদেশের অভ্যন্তরে পরিবেশনা-সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওই প্রতিষ্ঠানকে দেওয়া হয়। সেন্সর বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রথম আলোকে নাম না প্রকাশ করার শর্তে জানান, এই ছবির প্রদর্শনীর বিষয়ে সরকারের বিধিনিষেধ ছিল না। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কে এম আর মঞ্জুর বলেন, ‘এক সপ্তাহ একটি ছবি প্রদর্শনের পর তা বন্ধ করে আবার একটি নতুন বিতর্ক সৃষ্টি করা হলো। যাঁরা বন্ধ করলেন, তাঁরা আগে কেন এই বিষয়টি নিয়ে ভাবেননি।’পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান বলেন, ‘যেখানে ছবিটির সেন্সর বোর্ডের ছাড়পত্র রয়েছে, সেখানে ছবির প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত ভালো হলো না।’ গত ২১ জানুয়ারি মেহেরজান ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।