'মোরা একটি ফুলকে বাঁচাব'র গীতিকারকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি কে না শুনেছেন? কিংবা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে?’
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এ রকম আরও অসংখ্য গান ছিল, যেগুলো যোদ্ধাদের উদ্দীপ্ত করেছিল। গানগুলোর গীতিকার প্রয়াত গোবিন্দ হালদারের স্মরণ অনুষ্ঠানে গণসংগীতশিল্পী ফকির আলমগীর এগুলোকে যুদ্ধের প্রস্তুতিমূলক গান বলে অ্যাখ্যা দেন। গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আয়োজিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। গোবিন্দ হালদারকে নিয়ে তথ্যচিত্রের নির্মাতা হানিফ খানের কথার সূত্র ধরে সংস্কৃতিসচিব বলেন, গোবিন্দ হালদারের বেশ কিছু গান নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন অনেকে। সফল হননি। অনেকের মতো বিশেষ অতিথি কবি-সাংসদ কাজী রোজীও জানতেন না যে, গোবিন্দ হালদারের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা ১০৮টিরও বেশি।
জাতীয় গীতিকবি পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে যাঁরা এসেছিলেন, তাঁদের প্রায় সবাই হয় কবি, না হয় গীতিকার। প্রয়াত গীতিকারের স্মরণে সেখানে এক মিনিট নীরবতাও পালন করা হয়। কবিতা পড়েন অনেকে।