'ম্যারাডোনা ছাড়া কাউকে হিরো মনে হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপা খন্দকার ও শাহেদ আলী। টিভি নাটকের পরিচিত দুই মুখ। দেশের অন্য সব মানুষের মতো অভিনয় জগতের এই দম্পতির মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা ভর করেছে। দুজনই আর্জেন্টিনার পাঁড় সমর্থক। এই তারকা দম্পতি তাঁদের ধানমন্ডির বাসায় প্রথম আলোর কাছে প্রিয় দলের প্রতি ভালো লাগার কথা জানালেন। বিশ্বকাপের আসরে আর্জেন্টিনার কাছে তাঁদের প্রত্যাশার কথা জানালেন। সঙ্গী তাঁদের সন্তান আদ্রিকও। সেও আর্জেন্টিনার ভক্ত। বাবাকে দিয়ে কিনে এনেছেন প্রিয় দলের জার্সি।

আর্জেন্টিনাকে প্রথম ভালো লাগা প্রসঙ্গে দীপা জানান, ‘১৯৯৪ সালে আমি এসএসসি পরীক্ষার্থী। তখন রাত জেগে পড়তাম আর শেষ রাতের দিকে খেলা দেখতাম। সেবারই প্রথম আনন্দ নিয়ে রাত জেগে খেলা দেখা হতো। তার আগে রাত জাগাও হতো না, খেলাও দেখা হতো না। তখনই প্রথম আর্জেন্টিনার প্রতি ভালো লাগা। সে সময় ম্যারাডোনা খেলতেন। ম্যারাডোনার খেলা দেখেছি এবং ভালোও লেগেছে। সেই থেকে আর্জেন্টিনার প্রতি পছন্দের ব্যাপার কাজ করেছে। এরপর ২০০৬ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে খেলা দেখা হয়েছে। এখন অবশ্য সেভাবে সময় পাওয়া যায় না।’

দীপার স্বামী অভিনয়শিল্পী শাহেদ আলী বলেন, ‘১৯৮২ সাল। আমি তখন স্কুলে পড়ি। সেবারই প্রথম বিশ্বকাপ খেলা দেখার কথা মনে পড়ে। ঢাকা শহরে তখন ম্যরাডোনার মিনি পোস্টার ও ভিউকার্ডে ছেয়ে যায়। ম্যারাডোনার আগে বাংলাদেশে কোনো খেলোয়াডের এমন মিনি পোস্টার কিংবা ভিউকার্ড ছিল কি না, আমার জানা নেই। ১৯৮৬ ম্যারাডোনা আর্জেন্টিনা দলকে বিশ্বকাপ এনে দেন। সে হিসেবে ওই বয়সে ম্যারাডোনাকে ছাড়া আর কাউকে হিরো মনে হয়নি। আমার খুব ভালো লাগবে, যদি আর্জেন্টিনা ভালো খেলে জেতে।’

দীপা-শাহেদের বিশ্বকাপ
দীপা-শাহেদের বিশ্বকাপ