'ময়না'কে নিয়ে লোকেশন দেখতে গেলেন পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক সুমন আনোয়ার নির্মাণ করবেন প্রথম চলচ্চিত্র ‘কয়লা’। এমন ঘোষণা দিয়েছেন বেশ কিছুদিন আগে। নতুন সিনেমার শুটিংয়ের আগে যথারীতি লোকেশন দেখতে গেলেন পরিচালক। সঙ্গে ছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদসহ চারজনের টিম। ‘কয়লা’ ছবিতে ময়না চরিত্রে অভিনয় করবেন মৌসুমী হামিদ।
পুরো দল গতকাল সারা দিন ঘুরেছে কুয়াকাটার শুঁটকিপল্লিতে। আজও ঘুরছেন। আশপাশের বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন তাঁরা।
কুয়াকাটা থেকে মৌসুমী হামিদ বললেন, ‘“কয়লা” চলচ্চিত্রে নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করব আমি। এরই মধ্যে কিছু জায়গা আমরা পছন্দ করেছি।’
ছবিতে সেভাবে ‘নায়ক-নায়িকা’ থাকবে না—এমনটাই জানালেন নির্বাহী প্রযোজক। তবে চরিত্র অনুযায়ী এরই মধ্যে বেশ কজন অভিনয়শিল্পীকে চূড়ান্ত করেছেন পরিচালক।
জানালেন, নতুন বছরে তিন ধাপে শুটিং করা হবে ‘কয়লা’র।
