
শিরীন বকুল। আজ অভিনয় করছেন প্রথম পার্থ নাটকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে বুদ্ধদেব বসুর লেখা এই নাটকটির অভিনয় হবে সন্ধ্যা সাতটায়।
থিয়েটার স্কুল প্রাক্তনীর হয়ে হঠাৎ নাটক করছেন কেন? নিজের দলে কি কাজ নেই?
(হেসে) এ কেমন কথা! কাজ তো আছেই। কিন্তু আমরা যাঁরা থিয়েটার স্কুলের কোর্স শেষ করেছিলাম, তাঁরা সবাই এক হয়ে নাটক করার মজাই আলাদা। জয়িতা মহলানবীশ নির্দেশনা দিয়েছে বুদ্ধদেব বসুর এই কাব্যনাটকটির। এর আগে এই নাটকটির কোথাও কোথাও শ্রুতি অভিনয় হয়েছে। মঞ্চে অভিনয় তো মনে হয় আমরাই প্রথম করছি।
বকুল আপা, আপনার কণ্ঠে একধরনের ঋজুতা আছে। আমার মনে হয়, খুব কবিতা পড়েন। ঠিক বললাম? নাটকের জন্য কবিতা কতটা দরকারি?
জীবনে ঠিকভাবে বেঁচে থাকতে হলেই তো কবিতার দরকার। চিত্রশিল্প বলি, নৃত্য বলি, অভিনয় বলি, কোথায় কবিতা নেই? শিল্পের প্রাথমিক পাঠটাই তো পেলাম কবিতা থেকে।
প্রিয় কবি?
রবীন্দ্রনাথ, জীবনানন্দ। এ সময়ের মারজুক রাসেল, টোকন ঠাকুর, পিয়াস মজিদ।
তার মানে পড়ার অভ্যাসটা ছাড়েননি?
একেবারেই না।
মঞ্চে অভিনয় করতেই বেশি ভালো লাগে?
মঞ্চে থাকার আগ্রহ আমার প্রবল। যদি মঞ্চটাকেই পেশা হিসেবে নিতে পারতাম, তাহলে বেশ হতো। কিন্তু আমাদের এখানে সেটা হয়ে ওঠে না। রেডিওতে অভিনয় করেও স্বস্তি পাই। একসময় রুবিনা, আফরোজা বানু, ক্যামেলিয়া রেডিওতে অভিনয় করতেন। এখন করেন না। কণ্ঠ-অভিনয়টাও চ্যালেঞ্জ।
এ সময়ের তরুণদের জন্য যদি একটা সিনেমা, একটা মঞ্চনাটক আর একটা কবিতার কথা বলতে হয়, তাহলে কোনগুলোকে বলবেন?
সিনেমা সত্যজিৎ রায়ের চারুলতা, নাটক আরণ্যকের রাঢ়াঙ আর কবিতা? শেষের কবিতার শেষ কবিতা ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।’
জাহীদ রেজা নূর