'যা করি ভালোবেসে করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান
তাহসান

আমার যত দোষ
আমি অনেক কাজে ব্যস্ত থাকি, তাই পরিবারকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন, সেটা দিতে পারি না৷ এটা আমার অনেক বড় দোষ বলে আমি মনে করি৷ তবে এখন একটু চেষ্টা করছি পরিবারকে সময় দিতে৷ আশা করি, দোষিট খুব শিগগির কাটিয়ে উঠতে পারব৷
আমি খুব সহজে রেগে যাই না৷ তবে একবার রেগে গেলে মাথা গরম হয়ে যায়৷ তখন রাগটা মনে মনে চেপে রাখি৷ অনেক দিন পর প্রকাশ করি৷ আর যার ওপর রাগ করি, তাকে অনেক উল্টা-পাল্টা কথা বলি, যা হয়তো অনেকখানি সত্য নয়৷ এটা শুধু মিথিলা বুঝতে পারে, অন্য কারও তো এটা হুট করে বোঝার কথা না৷ সুতারাং, এটা আমার দোষ৷ কারণ, রাগ সঙ্গে সঙ্গেই প্রকাশ করাই ভালো৷
যাঁরা আমাকে পছন্দ করেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ যেভাবে করা উচিত, ঠিক সেভাবে আমি পারি না৷ তাই অনেকেই হয়তো আমাকে ভুল বোঝেন৷ আমি অনেক চেষ্টা করেও এটা বদলাতে পারছি না৷ এটা েতা আমার দোষই!

আমার যত গুণ
আমি অনেক বিনয়ী৷ আমি মনে করি, আমার যতটুকু অর্জন, তার যোগ্য আমি নই৷ তাই কেউ বেশি প্রশংসা করলে আমি তখন অপ্রস্তুত হই৷ তবে সত্যিই আমি অনেক সততা ও বিনয়ের সঙ্গে সব কাজ করি৷
আমি প্রতিদান ছাড়া মানুষকে সাহায্য করি৷ পরিচিত-অপরিচিত সবাইকে আমার সাহায্য করতে ভালো লাগে৷ আমার ছাত্ররা আমার কাছে প্রায়ই তাদের সমস্যার কথা বলে৷ আমি সেটা সমাধানের চেষ্টা করি৷ আবার কেউ টাকা ধার চাইলে আমি দেওয়ার চেষ্টা করি৷ তবে তাকে টাকা দেওয়ার আগে জেনে নিই কী কারণে সে সমস্যায় পড়েছে এবং পারলে সেটারও সমাধান করার চেষ্টা করি৷
আমি যা কিছু করি না কেন, ভালোবেসে করি৷ যা করতে ভালো লাগে না, তা কখনো করি না৷ আমি গান, অভিনয়, শিক্ষকতা—সবই একসঙ্গে ভালোবেসেই করি৷ আমার মন যা চায় না, তা আমি কখনোই করতে পারিনি৷ সবকিছু ভেবেচিন্তে করি৷ এটা তো আমার গুণ, তাই না?

গ্রন্থনা: নাইস নূর