'যাত্রাপালার সিরাজদ্দৌলা'

যাত্রাপালায়ও সিরাজদ্দৌলা চরিত্রে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন। আর সেই অভিনয় খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন সুচন্দা। আনোয়ার হোসেনের মৃত্যুতে তাঁকে স্মরণ করেছেন এই চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা।
‘আমি কোনো নাটকে অভিনয় করিনি। একদিন জানতে পারলাম, আনু ভাই যাত্রাপালায়ও অভিনয় করেন। “নবাব সিরাজদ্দৌলা” ছবিটির পর এটিরই যাত্রাপালা দেখার খুব ইচ্ছে হলো। তারপর একদিন আমার এক বান্ধবীকে সঙ্গী করে বোরকা পরে ঢাকার একটি জায়গায় আনু ভাই অভিনীত “নবাব সিরাজদ্দৌলা” যাত্রা দেখতে গেলাম। মঞ্চের সামনে বসে ছিলাম। পুরো যাত্রাপালায় আনু ভাইয়ের অভিনয় আমাকে মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন করে রেখেছিল। সেদিন আনু ভাইকে মঞ্চে দেখে আমার অন্য রকম অনুভূতি হয়েছিল। সত্যিকার অর্থে সেদিনকার অনুভূতি কখনো ভুলব না।’ এভাবেই আনোয়ার হোসেনের স্মৃতিচারণা করেছেন সুচন্দা।
“আনু ভাইয়ের (আনোয়ার হোসেন) বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার সৌভাগ্য হয়েছে। এর মধ্যে নানা দিক থেকে জহির রায়হান পরিচালিত “জীবন থেকে নেয়া” ছবিটি এগিয়ে রাখছি। এই ছবিতে আনু ভাই একজন সাংবাদিক ও আদর্শ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছিলেন। আর ছবিতে তিনি ছিলেন আমার ভাই। সব সময় দেখেছি, আনু ভাই চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করে নিতেন। তিনি যখন অভিনয়ের জন্য সেটে আসতেন, তখন তাঁকে দেখলেই মনে হতো ছবির চরিত্রেরই একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, যা সচরাচর দেখা যায় না। এ ছাড়া সহশিল্পীদের প্রতিও তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। একজন জ্যেষ্ঠ সহশিল্পী হিসেবে তাঁর প্রতি আমাদের সম্মানটা ছিল অনেক বেশি।

‘আনু ভাই অনেক বড় মাপের অভিনেতা ছিলেন। তাঁর রসবোধও ছিল অনেক। যখন শুটিংয়ে থাকতেন, পুরো পরিবেশ মাতিয়ে রাখতেন।
‘আমরা “জীবন থেকে নেয়া” ছবির শুটিংয়ের জন্য ট্রেনে চড়ে সিরাজগঞ্জ যাচ্ছিলাম। মাঝপথে কী কারণে যেন ট্রেন থামে। এর মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে, আনোয়ার হোসেন ওই ট্রেনে আছেন। তখন কিন্তু আনু ভাই “নবাব সিরাজদ্দৌলা” ছবিতে অভিনয় করে অসম্ভব জনপ্রিয়। মুহূর্তে পুরো এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। তারা কিন্তু সেদিন আনোয়ার হোসেনকে দেখতে আসেনি; এসেছিল নবাব সিরাজদ্দৌলাকে দেখতে। সে সময়ই প্রথম টের পেলাম আনু ভাই অভিনেতা হিসেবে কতটা জনপ্রিয়! “জীবন থেকে নেওয়া” ছবির গানের শুটিংয়ে আমরা তখন আরিচা ফেরিঘাটে। একজন অভিনয়শিল্পী হিসেবে আনোয়ার হোসেনের অভিনয়ের প্রতি মমত্ববোধের বিষয়টি সে সময় আবারও নতুন করে টের পাই।
‘সময়ের সঙ্গে আমি ছবি পরিচালনায় নাম লেখাই। আমার পরিচালিত দ্বিতীয় ছবিটি ছিল “হাজার বছর ধরে”। ছবিটি মেরিল-প্রথম আলো পুরস্কারে পাঁচটি বিভাগে পুরস্কার জিতে নেয়। সেরা পরিচালক হিসেবে আমিও পুরস্কৃত হই। আর আমার পুরস্কারটি নিয়েছিলাম আনু ভাইয়ের হাত থেকে। একজন শিল্পী হিসেবে পরিচালক হওয়ার পর আনু ভাইয়ের মতো এত বড় মাপের একজন শিল্পীর হাত থেকে পুরস্কার নেওয়ার মুহূর্তটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। বলতে পারেন স্মরণীয় মুহূর্ত, যা কোনোদিন ভোলার নয়।
‘আনু ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশাল একটা শূন্যতা তৈরি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। আনু ভাইকে কোনোদিন ভুলব না। তিনি কখনো ভোলার নন। যত দিন বেঁচে থাকব, আর যত দিন বাংলাদেশের চলচ্চিত্রশিল্প থাকবে, আনু ভাই সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।”