'যুদ্ধে কাউকে পাশে পাওয়া যায় না'

দুই বছর পর আবার চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব আফজাল হোসেন। ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গতকাল বুধবার ছবির শুটিং করেন তিনি। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবির নাম ‘ঢাকা অ্যাটাক’। ছবির শুটিং শুরুর আগে বর্তমান সময়ে নির্মিত ছবি নিয়ে নিজের মতামত প্রথম আলোর কাছে ব্যক্ত করেন আফজাল। তিনি বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে এখন অনেক তরুণ আসছেন। এখন যে অবস্থা আছে, সামনে হয়তো তা বদলাবে।’ কিছুটা অভিমান থেকেই হয়তো বলেছেন, ‘এখন আর আমার অভিনয়ের প্রতি অত আগ্রহ নেই; যেটা একটা সময় তাগিদ ছিল।’ বলেছেন, যুদ্ধের মাঠে দাঁড়িয়ে টের পাওয়া একাকিত্বের কথা।
এখনকার চলচ্চিত্র নিয়ে আশু করণীয় কী বলে মনে করেন, জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘এটা খুবই কঠিন। এই অর্থে কঠিন, আমাদের পুরো ব্যবস্থাটাই এমন যে, আমরা শুধু মতামত ব্যক্ত করতে বেশি পছন্দ করি। আমাদের যা যা সমস্যা তা আমরা সবাই জানি। শুধু বলতেও পছন্দ করি। সবাই বলে ছবির অবস্থা খারাপ, কিন্তু ছবি দেখানোর বন্দোবস্ত তো নাই।’ তিনি বলেন, ‘দেখানোর বন্দোবস্ত যদি না থাকে এবং সেটার উন্নয়নের কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কে ভালো ফিল্ম বানাল কিংবা কে খারাপ ফিল্ম বানাল, তাতে উপকার কিছুই দেখছি না। আগে দেখার জায়গা দরকার। মানুষকে প্রেক্ষাগৃহে যেতে হবে। সে পরিবেশটা দরকার। সাংস্কৃতিক পরিবেশটা তৈরি হওয়াটাও খুব জরুরি।’
আফজাল হোসেন এ-ও বলেন, ‘এখনকার মানুষের রেস্টুরেন্ট খাওয়া-আড্ডা দেওয়া ছাড়া করণীয় আর যেন কিছুই নেই। আমাদের দেশে বই আর পিৎজার দোকান একসঙ্গে খোলা হয়। দেখা যায়, ব্যবসায়িকভাবে মার খেয়ে বাইয়ের দোকান বন্ধ হয়ে যায়, পিৎজার দোকান সমানে চলে।’ তিনি বলেন, ‘সবকিছুর মধ্যেই তো আমাদের সমস্যা আছে। আমরা হয়তো পৃথক করে কোনো বিষয়ে মতামত প্রকাশ করতে পছন্দ করি।’
আফজাল হোসেন বলেছেন, ‘সামগ্রিকভাবে কেউ কোনো কিছু নিয়ে ভাবি না। কিছু ছেলে এখন ভালো ছবি বানানোর চেষ্টা করছে। ভালো ছবি হচ্ছেও। কিন্তু সেই চেষ্টাটা সফল পর্যায়ে পৌঁছাচ্ছে না, কারণ ছবি দেখার বন্দোবস্ত হয়নি। আমি নিজে যেটা শুনি, যে নির্মাতা অনেক যুদ্ধ করে একটা ছবি বানিয়ে ফেলল, তারপরে সেই ছবি মানুষকে দেখানোর জন্য যে যুদ্ধটা করতে হয়, সেই যুদ্ধে পাশে কাউকে পাওয়া যায় না, যা সত্যিই খুব দুঃখজনক।’
বছর দু-এক আগে আফজাল হোসেন ‘রান’ নামের আরেকটি ছবির শুটিং শুরু করেছিলেন। যে ছবির কাজ এখন থেমে আছে। ‘রান’ ছবিটির পরিচালক টিভি অভিনেত্রী আফসানা মিমি।