'যুদ্ধের কোরাস' নিয়ে ওয়ারসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যান্ড ওয়ারসাইট
ব্যান্ড ওয়ারসাইট

২২ এপ্রিল ধানমন্ডির রুশ সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ব্যান্ড উৎসবে প্রথম অ্যালবাম প্রকাশ করেছে হার্ড রক-হেভি মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারসাইট। চার দিনের এই উৎসবের শেষ দিন গান করেছে ওয়ারসাইট। গান গাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে অ্যালবামের মোড়ক খোলা হয়। অ্যালবামের নাম যুদ্ধের কোরাস। প্রকাশ করেছে ইনকারসন মিউজিক।
যুদ্ধের কোরাস অ্যালবাম নিয়ে ওয়ারসাইটের সদস্য রায়হান বলেন, ‘অ্যালবামে গান রয়েছে ১০টি। প্রতিটি গানেরই ভাবনা আলাদা। পুরো কাজটি আমরা এমনভাবে করেছি যেন সব কটি গান মিলে মানবজীবনের গল্প তৈরি হয়। গানগুলোর কাজ অনেক দিন ধরেই করছি, কিন্তু গানগুলো রেকর্ড করার জন্য আমরা সময় নিয়েছি ১০ দিন।’
অ্যালবামের প্রযোজক ক্যাডাভার ব্যান্ডের রাসেল। পরামর্শক ছিলেন বেজবাবা সুমন। তিনি অ্যালবামের ‘অর্থহীন’ গানটি ফিচার করেছেন। অ্যালবাম প্রকাশের পর ওয়ারসাইটকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সুমন।
ওয়ারসাইট এবার অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ‘ক্রোধ’ গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এরপর ‘অভিশাপ’ ও ‘অর্থহীন’ গানের মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা হচ্ছে।
ওয়ারসাইটের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই ব্যান্ডের যাত্রা শুরু হয় ২০০৯ সালে। নিজেদের একক অ্যালবাম বের করার আগে তিনটি মিশ্র অ্যালবামে গান গেয়েছে ওয়ারসাইট। যাত্রা শুরুর পর একাধিকবার ব্যান্ডের লাইনআপে পরিবর্তন হয়েছে। ব্যান্ডের সঙ্গে এখন জড়িত আছেন রায়হান (কণ্ঠ), নোহেল (বেস), আকিব ও সানি (গিটার), শাওন (ড্রামস) এবং নাসিফ (ব্যবস্থাপক)।
ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রায়হান বলেন, ‘এখন বিভিন্ন কনসার্টে গান করব। সিলেটে গান করেছি। সামনে কুমিল্লা আর রাজশাহীতে গান গাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের দ্বিতীয় অ্যালবাম আসবে আগামী বছরের শেষ দিকে।’