‘যুদ্ধের স্মৃতি নিয়ে কাজ করছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে প্রথম অভিনয় মুক্তিযুদ্ধের নাটক দিয়ে। তারপর অভিনয় করেন মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের একাধিক নাটক ও সিনেমায়। নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। কথা হলো তাঁর সঙ্গে।কি নিয়ে ব্যস্ত আপনি?১৬ ডিসেম্বর আমাদের জাতীয় এবং সামাজিক জীবনে একটি উল্লেখযোগ্য দিন। এ দিনটিতে নক্ষত্র রিসোর্ট উদ্বোধন করা হবে। এ নিয়ে ব্যস্ত আছি। উদ্বোধন উপলক্ষ্যে ২০ জন দেশবরেণ্য চিত্রশিল্পীকে নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এই শিল্পীরাই রিসোর্টের উদ্বোধন করবেন। প্রদর্শন করা হবে তাঁদের আঁকা ছবি। মঞ্চে মুক্তিযুদ্ধের নাটকে আপনার অভিনয় ও নির্দেশনা প্রসঙ্গে জানতে চাই।মঞ্চে আমার প্রথম অভিনয় মুক্তিযুদ্ধের একটি নাটক দিয়ে। নাটকের নাম যুদ্ধ এবং যুদ্ধ। লিখেছেন সৈয়দ শামসুল হক। থিয়েটারের প্রযোজনায় নাটকটি মঞ্চে আসে ১৯৮৬ সালে। তারপর থিয়েটারের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা তোমরাই এবং পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে অভিনয় করেছি। ১৯৯৩ সালে নাট্যকেন্দ্রে মুক্তিযুদ্ধের নাটকজরার মঞ্চ পরিকল্পনার কাজ করেছি। নির্দেশনা দিয়েছি হয়বদন এবং ইচ্ছা মৃত্যু নামের দুটি নাটকে। টেলিভিশনে মুক্তিযুদ্ধের নাটকে প্রথম অভিনয় ও পরিচালনা কবে?টেলিভিশনে প্রথম অভিনয় করেছি ১৯৮৯ সালে। নাটকের নাম স্বর্ণ তোরণ। সেই নাটকে একজন স্বদেশির ভূমিকায় অভিনয় করেছিলাম। তারপর অসংখ্য নাটকে কখনো মুক্তিযোদ্ধা আবার কখনো বা রাজাকারের চরিত্রে অভিনয় করেছি।পরিচালনার কথা বললে বাতিঘর নাটকটির কথাই বলব। ২০০০ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল। তারপর পরবর্তী পাঁচ বছর বিভিন্ন জাতীয় দিবসে নাটকটি প্রচারিত হয়েছে।চলচ্চিত্র প্রসঙ্গে বলুন।তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতী’ চলচ্চিত্রে প্রথম অভিনয়। সময়টা ছিল ১৯৯৪ সাল। তারপর চিত্রা নদীর পারে, রাবেয়া ও জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করা। স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণ করব। ২০০৪ সালে নির্মাণ করেছি আমজাদ হোসেনের অবেলায় অসময় উপন্যাস অবলম্বনে আমার প্রথম চলচ্চিত্র জয়যাত্রা। স্বপ্ন দেখছি ২০১২তে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দেব।মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের নাটক ও চলচ্চিত্রে আপনার অভিনয় ও পরিচালনার অনুভূতি ও অনুপ্রেরণার কথা জানতে চাই। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল পাঁচ বছর। সে সময় যদি প্রাপ্তবয়স্ক হতাম, তাহলে নিঃসন্দেহে যুদ্ধে যেতাম। পরাধীন জাতির বঞ্চনা, মালিন্য, হাহাকার আমাকে নাড়া দেয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদ আমাদের মুক্তির স্বাদটা এনে দিয়েছেন। এখন তাঁদের স্বপ্নকে সঙ্গে নিয়ে বাকি কাজটা করার দায়িত্ব আমাদের। যুদ্ধে যেতে পারিনি কিন্তু সেই যুদ্ধের স্মৃতি নিয়ে কাজ করছি। এখনো পরিপূর্ণ লক্ষ্যে পৌঁছাতে পারিনি। অনেক দূর যেতে হবে। তাই অনুভূতিও এখনো পরিপূর্ণ নয়।আর অনুপ্রেরণার কথায় বলব, আমার শৈশব কেটেছে পাকিস্তানি সেনা ক্যাম্পে। বাবা লে. কর্নেল কফিলউদ্দিন আহমেদ ছিলেন পাকিস্তানি সেনা ক্যাম্পের চিকিৎসক। চারদিকে কাঁটাতারের বেড়া। তার ওপর ছয় মাস পরপর ক্যাম্প পরিবর্তন। সে কি অমানবিক আচরণ! ক্যাম্প থেকে চোখ মেলে স্বপ্ন দেখতাম মুক্ত পৃথিবীর। তারপর ’৭৩-এ বন্দিবিনিময়ের সময় দেশে ফিরেছি। বড় হওয়ার পর অতীতের সেসব স্মৃতি আমাকে নাড়া দিত এবং সেই অনুভূতি থেকেই আমার মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা।স্বাধীনতার চার দশক পূর্তিতে কিছু বলতে চান?লাখো শহীদের অনেক স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। কারণ রাজনৈতিক ব্যর্থতা এবং সেই ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ব্যর্থতা। সবক্ষেত্রে সঠিক নীতিমালা প্রয়োজন। ব্যক্তিগত প্রচেষ্টায় হয়তো অনেক কিছু অর্জিত হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তা অর্জনে ব্যর্থ হওয়ায় আমরা এখনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি।