
‘যে জন দাঁড়িয়ে থাকে শ্রাবণের ঘন বরষায় কোন এক নৃত্য অথবা সংগীতশিল্পী আসবে বলে...।’ আমন্ত্রণপত্রে লেখা কথাগুলো তাঁকে লক্ষ্য করে লেখা, যাঁর জন্য শত মানুষ দাঁড়িয়ে ছিলেন শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে। সকাল থেকে থেমে থেমে ছিল বৃষ্টি। মাঝে মাঝে আকাশের গর্জনও শোনা যাচ্ছিল। এসব কিছু উপেক্ষা করে বন্ধু, সহকর্মী, সংস্কৃতিসেবীদের ভালোবাসায় সিক্ত হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
গতকাল শুক্রবার গোলাম কুদ্দুছের ৬০তম জয়ন্তীর অনুষ্ঠানটি ছিল সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। সকাল থেকে তিন পর্বে বিভক্ত এ আয়োজনে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের শুভেচ্ছায় সিক্ত হন গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের হাতে ফুলের তোড়া পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা জানাতে এসেছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ইনামুল হক, কেরামত মওলা, ফকির আলমগীর, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদসহ বিশিষ্টজনেরা। আর পুরো আয়োজনজুড়ে তাঁর পাশে ছিলেন নাসির উদ্দীন ইউসুফ ও হাসান আরিফ।
সকালের অনুষ্ঠান শুরু হয় গাজী আবদুল হাকিমের বাঁশির সুরে। এরপর নৃত্যনন্দনের শিল্পীদের নৃত্য পরিবেশন শেষে গোলাম কুদ্দুছকে ফুলের পাপড়ি ছিটিয়ে মঞ্চে নিয়ে আসা হয়। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁর শংসাবচন পাঠ করেন নাসির উদ্দীন ইউসুফ; যা তাঁর হাতে তুলে দেন রামেন্দু মজুমদার ও মামুনুর রশীদ। কিরীটী রঞ্জন বিশ্বাসের আঁকা প্রতিকৃতি তুলে দেওয়া হয় গোলাম কুদ্দুছের স্ত্রী মরিয়ম নাসরিন, মেয়ে সামানজা পৃথ্বী ও ছেলে ইয়াসাদ মাবুদের হাতে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মহিউজ্জামান চৌধুরী ও কলকাতার শিল্পী দোলা বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি করেন আশরাফুল আলম।
দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তি’ কবিতা অবলম্বনে গীতিনাট্য পরিবেশন করেন গোবিন্দগঞ্জের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। ‘বহ্নিশিখা’র শিল্পীরা গেয়ে শোনান গোলাম কুদ্দুছের লেখা দুটি গান ‘সোনাঝরা সেই দিনে’ ও ‘জন্মভূমির ধুলো গায়ে মেখে’। এ পর্বের সঞ্চালনা করেন আহ্কাম উল্লাহ। তৃতীয় পর্বে ছিল আড্ডা ও স্মৃতিচারণা।