'যেখানে যাই এ বৃষ্টি তাড়া করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল সকালে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে শিল্পীদের দলীয় পরিবেশনা l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গতকাল সকালে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে শিল্পীদের দলীয় পরিবেশনা l ছবি: প্রথম আলো

টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ, শনশন দমকা হাওয়া, গাছগাছালির পাতায় পাতায় ঝোড়ো হাওয়ার ঝাপটায় সড়সড় আওয়াজ আর ভরা নদীর কলকল ছলছল স্রোতধ্বনি মিলেমিশে রচিত বর্ষার নিজস্ব সুর নগর জীবনে পাওয়া কঠিন। তাই বলে গানের সুর, নৃত্যের তালে বর্ষাবন্দনা করতে তো দোষ নেই। বিচিত্র এসব আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করে ‘বর্ষা উৎসব’।

গতকাল ভোরের ঝুম বৃষ্টির জমে থাকা পানিতে একাকার ছিল চারুকলার সবুজ প্রাঙ্গণ। একটু বাতাসে গাছের পাতায় জমে থাকা পানি ভিজিয়ে দিচ্ছিল মঞ্চের শিল্পী এবং সামনে থাকা দর্শকদের। আকাশি-নীল রঙের শাড়ি আর খোঁপায় ফুল ছিল মেয়েদের, ছেলেদের পোশাকেও ছিল বর্ষার প্রতীকী রং—নীল পাঞ্জাবি। সুদূর আমেরিকায় থাকা খুদে আঁকিয়ে আগামী মহিরাজের তুলিতে বর্ষা ধরা দিয়েছে বর্ণিলভাবে, মঞ্চে সেই ছবিটি উৎসবের পরিবেশকে করে আরও বর্ণিল। 

বিজন চন্দ্র মিস্ত্রির পরিবেশনায় রাগসংগীত দিয়ে শুরু হয় বর্ষা উৎসব। এরপর রবীন্দ্রনাথের ‘মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো’ গানের সঙ্গে স্পন্দনের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার শোনান শামসুর রাহমানের ‘হঠাৎ বৃষ্টি এলো’ কবিতাটি। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর দলীয় পরিবেশনা ‘এসো শ্যামল সুন্দর’, এরপর রবীন্দ্রসংগীত ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যজনের শিল্পীরা।

বহ্নিশিখার শিল্পীরা পরিবেশন করেন নজরুলের ‘মেঘের ডমরু ঘন বাজে’ গানটি। নৃত্যমঞ্চের শিল্পীদের দলীয় নৃত্যের নেপথ্যে পরিবেশিত ‘যেখানে যাই এ বৃষ্টি তাড়া করে, দিনে রাতে সে পাড়া ছাড়া করে’ গানটিকে যথার্থ মনে হয়েছিল শুক্রবার সকালটির জন্য। পায়ের তলায় যেমন জলে-কাদায় একাকার, তেমনি একটু পর থেমে থেমে হালকা বৃষ্টি—সব মিলে বৃষ্টিই যেন তাড়া দিচ্ছিল উৎসবকে। তবে বর্ষাকথনের সময়ে একবার বিদ্যুৎ চলে যাওয়া ছাড়া অন্য কোনো ছন্দপতন হয়নি।

অনুষ্ঠানে জয় গোস্বামীর কবিতা শোনান নায়লা তারান্নুম চৌধুরী। আবু বকর সিদ্দিক শোনান উকিল মুন্সীর গান ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’, মামুন জাহিদ খান শোনান আধুনিক গান ‘ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে’। আরও গান শোনান সঞ্জয় কবিরাজ, আঞ্জুমান ফেরদৌস, শ্রাবণী গুহ, নবনীতা জাইদ চৌধুরী প্রমুখ।  

বর্ষা উৎসব চলাকালে একসময় খবর আসে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। হরিষে বিষাদ নামে। বর্ষাকথন-পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কণ্ঠেও সেই বিষাদ। প্রকৃতিকে সুরক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আশা করব, মানুষ প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতি সুরক্ষা, ঋতুবৈচিত্র্য রক্ষায় যা কিছু প্রয়োজনীয়-করণীয়, সবকিছু করবে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বর্ষা বাঙালির জীবনে এক আশীর্বাদ মন্তব্য করে বলেন, ‘আমাদের বোকামি আর অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্ষা হয়ে ওঠে অভিশাপ।’

সভাপতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহসভাপতি অধ্যাপক নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম।