'যৌথ প্রযোজনা আত্মঘাতী'

ইদানীং যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের সংখ্যা বেড়েছে। কিন্তু চলচ্চিত্রের উন্নয়নের দোহাই দিয়ে নামকাওয়াস্তে যৌথ প্রযোজনায় ছবি বানানোর ঘোর বিরোধী নায়ক রাজ্জাক। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপে রাজ্জাক বলেন, ‘এটা ঠিক যে, বেশ কয়েক বছর ধরেই আমাদের চলচ্চিত্রের খারাপ অবস্থা চলছে। এখন যৌথ প্রযোজনার নামে যা হচ্ছে তা আমাদের চলচ্চিত্রের জন্য আত্মঘাতী। এটা চলচ্চিত্রের খারাপ অবস্থায় শেষ পেরেক ঠুকে দেওয়ার মতোই। যৌথ প্রযোজনার যে নিয়ম এখন তা কেউই মানছে না।’
রাজ্জাক বলেন, ‘১৯৭৩ সালে বাংলাদেশি চলচ্চিত্রে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ শুরু হয়। এ প্রক্রিয়ায় প্রথম ছবিটি ছিল আলমগীর কবিরের পরিচালনায় “ধীরে বহে মেঘনা”। একই বছর ঋত্বিক ঘটকের পরিচালনায় যৌথ প্রযোজনায় নির্মিত “তিতাস একটি নদীর নাম” ছবিটি মুক্তি পায়। শুধু ভারতের সঙ্গেই নয়। ১৯৮৩ সালে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—তিন দেশের প্রযোজনায় “দূরদেশ” ছবিটি নির্মিত হয়। এর পরও যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হতে থাকে। তবে সে সময় কঠোর নিয়মকানুন মেনে চলতে হতো।’
ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি এখনকার যৌথ প্রযোজনার ছবি নিয়ে হতাশা জানিয়ে বলেন, ‘নিয়ম মেনে চলার কারণে যৌথ প্রযোজনার ছবি নিয়ে শুরুর দিকে ততটা উচ্চবাচ্য হয়নি। এমনিতেই যৌথ প্রযোজনার ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হয়। ১৯৮৬ সালের যৌথ প্রযোজনার নীতিমালায় সব দেশের শিল্পীদের সমান হারে অংশগ্রহণের নিশ্চয়তা বাধ্যতামূলক ছিল। এ নিয়ম পালন না করলে সেটাকে কোনোভাবেই যৌথ প্রযোজনার ছবি বলা যাবে না। বছর তিনেক আগে যৌথ প্রযোজনার ছবির ক্ষেত্রে নতুন নিয়ম করা হয়। এখনকার ছবিগুলোতে ঠিকমতো সেই নিয়ম মানাও হচ্ছে না। ফলে, যা হওয়ার তাই হচ্ছে।’
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জ্যেষ্ঠ ব্যক্তিত্ব রাজ্জাক। এ ছাড়াও আরও অনেকেই আছেন। তাঁদের মতো জ্যেষ্ঠরা এ ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কিছু বলছেন না কেন জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘আমাদের সবারই বয়স হয়েছে। আমরা তো এখন আর সক্রিয়ভাবে মাঠে থাকতে পারব না। এখন যারা নতুন, যারা নেতৃত্বে আছে তারা আমাদের কাছে যদি বুদ্ধি পরামর্শ চায় তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত। কিন্তু আমাদের কারও কাছে কেউ চলচ্চিত্রের অগ্রগতির জন্য কথা বলতে আসে না। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি এবং চলচ্চিত্র শিল্পী সমিতিও বেকার হয়ে গেছে। এরা যদি চলচ্চিত্র উন্নয়নে যথাযথ উদ্যোগ এবং কঠোর পদক্ষেপ নিত তাহলে আমাদের চলচ্চিত্রের এ অবস্থা হতো বলে আমি বিশ্বাস করি না।’
চলচ্চিত্রে এখন খুব কমই অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক। শুধু নায়ক হিসেবেই নয়, পরিচালক হিসেবেও বেশ সফল তিনি। সর্বশেষ ‘আয়না কাহিনী’ ছবিটি নির্মাণ করেন রাজ্জাক। নায়ক হিসেবে প্রথম অভিনয় করেছিলেন জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ ছবিতে। এতে তাঁর বিপরীতে ছিলেন সুচন্দা।
নায়করাজ রাজ্জাক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ‘কি যে করি’ ছবিতে অভিনয় করে। এরপর আরও চারবার তিনি জাতীয় সম্মাননা পান। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার পেয়েছেন বহুবার।