‘রক অন চিটাগাং’ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত ‘রক অন চিটাগাং’ কনসার্টটি অনিশ্চিত হয়ে পড়েছে। আগের দিন রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপিত হবে এবং পরদিন থাকবে সরকারি ছুটি। এসব কারণে কনসার্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে আয়োজকেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে এই কনসার্টের আয়োজন করে ওয়ান মোর জিরো নামের একটি প্রতিষ্ঠান। এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক হোসেন তাপস বলেন, ‘আমরা এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত পাইনি। যদি তারিখ পরিবর্তন করা হয়, তাহলে কনসার্টটি আয়োজন করা সম্ভব হবে না। তবে কনসার্টের ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।’তিনি জানান, এবারের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা কনসার্টে অংশ নেবেন। এরই মধ্যে শিল্পীদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে একটি পরিবেশনা। তাপস আরও বলেন, ‘এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। এর সঙ্গে দেশ এবং দেশের মানুষের ভাবমূর্তি জড়িত। এসব দিক বিবেচনা করেই আমরা কনসার্টটি সাজিয়েছি। এখানে আপত্তি হতে পারে—এমন কিছুই রাখা হবে না। বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনের আগের দিন এই কনসার্টটি আয়োজন করা সম্ভব হলে বিশ্বের ক্রিকেটপ্রিয় দেশগুলোর সামনে চট্টগ্রামকে অন্য মাত্রায় উপস্থাপন করা সম্ভব হবে।’এই কনসার্টে অংশ নিতে ভারত থেকে ১৬ ফেব্রুয়ারি আসছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিতম ও রিয়া সেন।