‘রক্ত ও অশ্রুর গাথা’ আলোচনা
গতকাল শীতের বিকেলে ঢাকার কবি-লেখক-অনুবাদকেরা মেতে ওঠেন অন্যরকম এক অনুষ্ঠানে। কবি-লেখকদের মঞ্চ ‘আটকুঠুরি’ আয়োজিত এ অনুষ্ঠানে তাঁরা আলোচনা করেন কবি সাজ্জাদ শরিফ অনূদিত ফেদেরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতার বই রক্ত ও অশ্রুর গাথা নিয়ে। ঢাকার পরীবাগে পথিকৃৎ ফাউন্ডেশনের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাবন্ধিক হায়াৎ মামুদ, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, অনুবাদক রাজু আলাউদ্দিন, কবি সুমন রহমান ও কুমার চক্রবর্তী এবং বইটির অনুবাদক কবি সাজ্জাদ শরিফ। ফেদেরিকো গারসিয়া লোরকার নির্বাচিত কবিতা রক্ত ও অশ্রুর গাথা প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। লোরকার কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘লোরকা ও আমরা’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন তানভীর মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহেল হাসান। হায়াৎ মামুদ বলেন, বাংলা ভাষায় লোরকার কবিতার অনুবাদ খুব একটা হয়নি। এখানে অনুবাদ-কবিতার পাঠকও কম। এসব সীমাবদ্ধতা নিয়েই রক্ত ও অশ্রুর গাথায় খুব চমৎকারভাবে লোরকার কবিতাকে হাজির করেছেন অনুবাদক। স্পেনের কবি লোরকা তাঁর নিজের কর্মগুণেই প্রাসঙ্গিক। এ বইটি বাংলা ভাষাভাষী পাঠককে লোরকা-চর্চায় নতুনভাবে উৎসাহিত করবে।খালিকুজ্জামান ইলিয়াস বলেন, অনুবাদের মাধ্যমে এক ভাষার শব্দসমষ্টি যেমন অন্য ভাষায় প্রতিস্থাপিত হয়, তেমনি এক ভাষার লেখক অন্য ভাষাভাষীদের কাছে নতুনভাবে, নতুন বিশ্লেষণে আদৃত হয়ে ওঠেন। অনুবাদক এই গ্রন্থে যে লোরকাকে হাজির করেছেন, তা অত্যন্ত চমৎকার। সাজ্জাদ শরিফ বলেন, ‘লোরকার কবিতা পড়ে মনে হয়েছে, এটা আমি লিখতে পারলে ভালো হতো, সেটি আমি অনুবাদ করেছি।’