'রবি পরিক্রমায় নজরুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন অ​িনন্দিতা কাজী ও লিলি ইসলাম l প্রথম আলো
গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন অ​িনন্দিতা কাজী ও লিলি ইসলাম l প্রথম আলো

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক ছিল বৈচিত্র্যময়। সেই বিচিত্র সম্পর্ক নিয়েই কথা বললেন নজরুলের পৌত্রী শিল্পী ও উপস্থাপক অনিন্দিতা কাজী। কথার ফাঁকে ফাঁকে তিনি শোনালেন নজরুলের গান, রবীন্দ্রসংগীত শোনালেন লিলি ইসলাম।
গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ছিল ‘রবি পরিক্রমায় নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। এতে রবীন্দ্র-নজরুলের সম্পর্কের নানা দিক নিয়ে লিখিত রচনা পাঠের পাশাপাশি নজরুল রচনার আবৃত্তি ও গানও শোনান অনিন্দিতা কাজী।
অনিন্দিতা বলেন, ‘প্রতিবার বাংলাদেশে এলে অনুভব করি, আমার দাদু কাজী নজরুল যেন সঙ্গেই রয়েছেন। বাংলাদেশের নজরুলচর্চা আমাকে খুব অনুপ্রাণিত করে।’ জানালেন, কাজী নজরুলের কাব্যানুবাদ রুবাইয়াতে ওমর খৈয়াম নতুন করে প্রকাশের কাজেই মূলত তাঁর ঢাকায় আসা।
অনুষ্ঠানের প্রথম গান ছিল লিলি ইসলামের কণ্ঠে ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে’। তিনি আরও শোনান রবীন্দ্রনাথের গান ‘তোমারে জানি নে’, ‘আমার নয়ন-ভুলানো এলে’, ‘তোমার পূজার ছলে’, ‘আমার মাথা নত করে দাও’, ‘তোমার হলো শুরু’, ‘গানগুলি মোর শৈবালেরই দল’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘অগ্নিবীণা বাজাও তুমি’ এবং ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’। কথন ও আবৃত্তির ফাঁকে ফাঁকে অনিন্দিতা কাজী শুনিয়েছেন কয়েকটি গান। প্রথম গানটি ছিল ‘অঞ্জলি লহ মোর সংগীতে’। তিনি আরও শোনান ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’, ‘সৃজন ছন্দে আনন্দে’, ‘আসিবে তুমি জানি প্রিয়’ এবং ‘ভুলি কেমনে আজো যে মনে’। গানে-কথায় বেশ জমেছিল আয়োজনটি।