‘রবি সেরা প্রতিভা’র অডিশন শুরু
তরুণদের মধ্য থেকে সেরা সংগীত প্রতিভা খুঁজে বের করতে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি শুরু করেছে ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচি। ‘প্রতিভার আলো ছড়াবেই’ স্লোগান নিয়ে দেশের সাতটি বিভাগে এ অডিশনের আয়োজন করা হয়েছে। ২৪ নভেম্বর খুলনা থেকে এর অডিশন শুরু হয়েছে। ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ইমপ্যাক্ট পিআর প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপদেষ্টা তারেক মোর্তেজা জানিয়েছেন, গতকাল শনিবার খুলনায় অডিশন নিয়েছেন সংগীত পরিচালক ও গায়ক ফুয়াদ আল মুক্তাদির। সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত এ অডিশনে অংশ নেন অসংখ্য প্রতিযোগী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত শিল্পীরা পরে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবেন। সাতটি বিভাগীয় শহরের অডিশন রাউন্ড পরিচালনা করবেন ফুয়াদ। বরিশালে ২৬ নভেম্বর, সিলেটে ২৯ নভেম্বর, চট্টগ্রামে ১ ডিসেম্বর, রাজশাহীতে ৪ ডিসেম্বর, রংপুরে ৬ ডিসেম্বর এবং ঢাকায় ৮ ডিসেম্বর অডিশন অনুষ্ঠিত হবে। ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচিতে অংশ নিতে পারবেন কেবল রবি গ্রাহকেরা। এ জন্য রবি সংযোগ থেকে ৩৩৩৩ নম্বরে ডায়াল করে অথবা robitalents ডটকমে লগ অন করে নিবন্ধন করা যাবে। এ ছাড়া, ৩৩৩৩ নম্বরে ফোন করে ভয়েস আপলোডের মাধ্যমেও অডিশন দেওয়া যাবে। তবে আপলোড করা গানের সঙ্গে কোনো রকমের যন্ত্রানুষঙ্গ থাকতে পারবে না। থাকলে সেটি বাতিল বলে গণ্য হবে। সরাসরি অডিশন দেওয়ার জন্য রবি সংযোগের বৈধ নিবন্ধন সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নির্ধারিত কেন্দ্রে আসতে হবে। সরাসরি অডিশন থেকে ১৫ জন এবং ভয়েস আপলোড অডিশন থেকে ১৫ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হবে। চূড়ান্ত পর্বে বিজয়ীরা ফুয়াদের পরবর্তী অ্যালবামে তাঁর সঙ্গে গাইবার সুযোগ পাবেন।