‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠানে লতা, আশা ও ঊষা
২৫ বছর পর রোববার কলকাতায় এলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। তাঁর সঙ্গে এসেছেন দুই বোন আশা ভোঁসলে ও ঊষা মুঙ্গেশকর এবং ছোট ভাই হূদয়নাথ মুঙ্গেশকর ও তাঁর মেয়ে রাধা মুঙ্গেশকর। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ স্মরণ অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় এসেছেন তাঁরা। লতার বয়স এখন ৮২, আর আশার ৭৮। রোববার কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে আয়োজিত ‘পঞ্চকন্যা’ অনুষ্ঠানে যোগ দেন লতা, আশা, ঊষা, হূদয়নাথ আর রাধা। তাঁদের সঙ্গে কলকাতা থেকে অংশ নেন লোপামুদ্রা মিত্র ও স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চে ওঠেন এই তিন বোন। লতা বলেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথের টানে কলকাতায় ছুটে এসেছি। আমি বাংলা বুঝি না। তবে হিন্দির পর আমি বেশি গেয়েছি বাংলা গান।’ অসুস্থতার কারণে লতা ‘তোমার হলো শুরু’ গানের প্রথম দুটি লাইন গেয়ে শোনান। আশা ভোঁসলে বলেন, ‘কবিগুরুর ডাকে কলকাতায় এসেছি। কলকাতা আমার প্রিয় শহর। বাংলা ভাষাও খুব মিষ্টি। আমি বাংলা বুঝতে পারি। তবে বলতে পারি কিছু কিছু।’ অসুস্থতার কারণে ‘বড় আশা করে এসেছি গো’ গানের দুটি লাইন গেয়ে শোনান। তারপর গান করেন লোপামুদ্রা মিত্র, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও রাধা মুঙ্গেশকর। কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে ৩ আগস্ট থেকে শুরু হয়েছে ‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠান। সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে ১২ আগস্ট পর্যন্ত। আয়োজন করেছে ইন্দো-অক্সিডেন্টাল সিম্বায়োসিস। সহযোগিতায় আছে অম্বুজা রিয়ালিটি।