নন্দিতা ইয়াসমিন । রবীন্দ্রসংগীতের শিল্পী। গতকাল শুক্রবার বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছে তাঁর অ্যালবাম ছন্দোবন্ধনে। আজ সন্ধ্যায় তিনি গান করবেন গুলশানে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে।

কাল বেঙ্গল ফাউন্ডেশন থেকে আপনার অ্যালবাম বের হলো। অভিনন্দন। অ্যালবামে কী ধরনের গান করেছেন?
ছন্দোবন্ধনে নামের অ্যালবামটির কাজ শুরু করেছিলাম গত ডিসেম্বর মাসে। রবীন্দ্রনাথের সব পর্যায়ের গান আছে। আমি অল্পশ্রুত গানের পক্ষপাতি। যে গানগুলো সব সময়ই শোনা যায়, সেগুলো বেছে নিই না। এ সিডিটিও তার ব্যতিক্রম নয়।
সংগীতায়োজন কার?
সংগীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। তিনি সরোদ, সারেঙ্গী আর গিটার ব্যবহার করেছেন। রবীন্দ্রসংগীতে গিটারের এ রকম অসাধারণ ব্যবহার হতে পারে, তা আমার ধারণায়ও ছিল না।
আপনার আগের সিডিগুলোর কথা বলুন।
আমার প্রথম সিডি বাজাব স্বর্ণবীণা, সুরের মেলা থেকে বেরিয়েছিল ২০০৮ সালে। দ্বিতীয়টি বেঙ্গল ফাউন্ডেশন থেকে ২০১০ সালে, নাম যদি ভাসাই ভেলা। ২০১১ সালে সিটিসেল-চ্যানেল আই পুরস্কার পেয়েছিল অ্যালবামটি। দূর্বাদল চট্টোপাধ্যায় ছিলেন সংগীতায়োজনে। তৃতীয় অ্যালবাম সুখের বাঁধন, কলকাতার এইচএমভি থেকে।
রবীন্দ্রনাথের গান করার অনুপ্রেরণা পেলেন কার কাছ থেকে?
বাবা-মা দুজনেই অনুপ্রেরণা দিয়েছেন। মা লুৎসা সুলতানা রাজশাহীতে রেডিওতে গান করতেন, গত শতাব্দীর ষাটের দশকে। বাবা মুস্তাফা নূরউল ইসলাম অনুপ্রেরণা জুগিয়েছেন সবচেয়ে বেশি। মূলত তিনিই আমাকে কলিম শরাফীর গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন, ১৯৮৩ সালে।
আজ ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে আপনি গান করবেন। কী ধরনের গান বেছে নেবেন?
আমার সিডিগুলো থেকেই গান করব। (হেসে) অল্পশ্রুত গানই থাকবে বেশি।
রবীন্দ্রনাথকে আপনি কীভাবে নিজের ভেতরে পান? শঙ্খ ঘোষের লেখায় পড়েছি, এক বৃদ্ধ এসেছিলেন রবীন্দ্রনাথের কাছে। তাঁর মেয়ের সমস্যা নিয়ে...
রবীন্দ্রনাথের নৈবেদ্য পড়ে যে মেয়েটি স্বামীর মৃত্যুশোক ভুলেছিল-সেই কথা বলছেন তো? হ্যাঁ, আমিও আসলে সেভাবেই রবীন্দ্রনাথকে পাই। তাঁর আদর্শ-ভাবনা অনুসরণ করতে চাই। রবীন্দ্রনাথ সব সময় আমার সঙ্গেই থাকেন।
জাহীদ রেজা নূর