নিজ গান সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, ‘এই পার্থিব জীবন ও পৃথিবীর মানুষকে আমি ভালোবেসেছি। এই ভালোবাসা রেখে গেলাম আমার গানের সুরে গেঁথে। মানুষ যদি মনে রাখে, তবে এই গান দিয়েই রাখবে।’ যথার্থ বলেছিলেন কবিগুরু। যুগে যুগে মানুষ তাঁকে মনে রেখেছে গানের মধ্য দিয়ে। গান শুনে, গেয়ে, গান নিয়ে আলোচনা করে রবীন্দ্রনাথকে স্মরণ করেছে বাঙালি। কবির প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে বাংলা সাহিত্যের অতুলনীয় এই প্রতিভার জীবনপ্রদীপ নিভে গিয়েছিল। বাংলা একাডেমী গতকাল রোববার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে।একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘রবীন্দ্রনাথের গান: সংস্কৃতির চিন্ময় ফসল’ শিরোনামে বক্তৃতা দেন অধ্যাপক আ বা ম নুরুল আনোয়ার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথের বিশ্বাস ছিল যে তাঁর বিপুল সৃষ্টির মধ্যে ছোটগল্প ও গানই স্থায়িত্ব লাভ করবে। কারণ, গান ছিল তাঁর আবাল্য সহজাত শিল্পসঙ্গী। তবে রবীন্দ্রনাথের গানের ভুবন মোটেও একমাত্রিক নয়। তাঁর অনন্য-কালজয়ী সব শিল্পসৃষ্টির মতোই অজস্র বৈচিত্র্যে ভাস্বর তাঁর ঐন্দ্রজালিক সাংগীতিক জগৎ। একক বক্তা আ বা ম নুরুল আনোয়ার বলেন, বৃহৎ ভারতীয়-পাশ্চাত্য ইত্যাদি নানা ঘরানার সাংগীতিক বৈশিষ্ট্য ধারণ করে রবীন্দ্রনাথ ক্রমশ সৃষ্টি করেছেন নিজস্ব সংগীতধারা। ধ্বনিচিত্রকে তিনি অপূর্ব চারুদক্ষতায় সুরছন্দে রূপ দিয়েছেন। তিনি বলেন, ‘রবীন্দ্রসংগীতে আগাগোড়া কাব্যের ভাব বিদ্যমান, কারণ সংগীতশাস্ত্রী রবীন্দ্রনাথের নেপথ্যে সর্বদা ক্রিয়াশীল ছিল কবি রবীন্দ্রনাথ, যিনি প্রাকৃতিক ও মানবিক রসে অভিষিক্ত করেছেন চিরকালীন শ্রোতার হূদয়।’ রবীন্দ্রসংগীতের আত্মার সন্ধান পেতে হলে প্রচলিত স্বরলিপিনির্ভর সংগীতশিক্ষার বাইরে গিয়ে আমাদের রবীন্দ্রবাণীর অন্তর্লীন গভীরতা ও মাধুরীর অন্বেষণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। স্বাগত বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘রবীন্দ্রনাথের গান আমাদের মননের সঞ্চালক। জগৎ ও জীবনকে রবীন্দ্রসংগীত নব নব মাত্রায় আবিষ্কার করতে সহায়তা করে। তাঁর গানের সুর ও বাণী আমাদের অনির্বচনীয় আনন্দলোকের প্রবেশাধিকার দেয়।