অদিতি মহসিন। রবীন্দ্রসংগীতশিল্পী। আজ বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিনটিকে স্মরণ করে বাংলাভিশনে আজ গান গাইবেন তিনি। বাইশে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস...প্রত্যেক মানুষকেই চলে যেতে হয়, এটা তো ধ্রুব সত্য। কিন্তু রবিঠাকুরের মতো মানুষের আসলে মৃত্যু হয় না। হয় না বলেই ১৫০ বছর পরও আমরা তাঁকে স্মরণ করি। তাঁর কথায় অনুপ্রাণিত হই, পথ চলি। আমার কাছে দিনটি শোকের নয়, স্মরণের।দিনটিকে ঘিরে আমার ব্যস্ততা...আমরা তো সব সময়ই তাঁর নাটক, গানের মাধ্যমে এই দিনে তাঁকে স্মরণ করি। কদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে ফিরলাম। এবার আসলে তেমন কিছু করছি না। বাংলাভিশনে একটি লাইভ অনুষ্ঠানে গান করব। এই তো।রবীন্দ্রনাথের লেখার জাদু...জাদু তো অবশ্যই আছে। দিন দিন লক্ষ করছি, তাঁর গল্প, কবিতা, গানের আবেদন আরও বাড়ছে। এই প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্রনাথের লেখা পড়ছে, গান গাইছে, শুনছে। আমার মনে হয়, এর মূল কারণ হলো রবীন্দ্রনাথ মানুষের সমস্ত অনুভূতির কথাগুলো গান-কবিতার মাধ্যমে স্পর্শ করেছেন। মানুষের এমন কোনো অনুভূতি নেই, যার কথা রবীন্দ্রনাথ বলেননি।আজ থেকে ১০০ বছর পর, যেমন হতে পারে রবীন্দ্রনাথের গান...এটা তো বলা মুশকিল! আমার মনে হয়, যুগ যুগ পরও একই থাকবে। এটা ঠিক, এখন প্রচুর নিরীক্ষা হচ্ছে, অনেকে অনেক রকম কম্পোজিশন করছেন। ভবিষ্যতেও নিশ্চয়ই হবে। কিন্তু মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, ‘আমার সৃষ্টির মধ্যে আমি এমন কোন ফাঁক রাখিনি, যে অন্য কেউ এসে ভরে দেবে।’ আমার কাছে মনে হয়, তাঁর গানগুলোই হলো সন্দেশ। সন্দেশে আরও চিনি দিয়ে ভরিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। যত পরীক্ষা-নিরীক্ষাই হোক, গানগুলো যেন রবীন্দ্রনাথের গানই থাকে।ফিরলাম যুক্তরাষ্ট্রের বঙ্গমেলায় অংশ নিয়ে...প্রতিবছরই বাঙালিরা বঙ্গমেলার আয়োজন করেন। এবার হলো ওহাইওতে। ওপার বাংলার বাঙালি অভিবাসী ও শিল্পীরাও ছিলেন। অঞ্জন দত্ত, রাঘব চট্টোপাধ্যায় ছিলেন। বাঙালিদের এই মিলনমেলায় অন্য রকম একটা প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছি, খুব ভালো লাগল। ঈদ প্রস্তুতি...এবার ঈদে বোধ হয় তেমন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারছি না। কিছুদিনের মধ্যেই জাপানে যাচ্ছি। সেখানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় ৪৪ দিনব্যাপী একটি মেলা হচ্ছে। সেখানে গান করব।নিজের জন্য যে রবীন্দ্রসংগীত গাই...ইদানীং একটি গান বারবার গাইছি: ‘আমারে তুমি অশেষ করেছ...’মো. সাইফুল্লাহ