
মহিউজ্জামান চৌধুরী৷ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ এনটিভির ‘আলোকধারায় এসো’ আর দেশ টিভির ‘স্বার্থক জনম’ অনুষ্ঠানে গান করবেন তিনি৷ কথা হলো তাঁর সঙ্গে৷
ময়না ভাই, আজ পঁচিশে বৈশাখ৷ রবীন্দ্রজয়ন্তী৷ সারা দিনই তো ব্যস্ততা আপনার?
ব্যস্ততা মানে, বিটিভি, এনটিভি আর দেশ টিভিতে গান করব৷ এনটিভিতে আমি আর অণিমা রায় সরাসরি গান করব দুপুরে৷ রাতে মিতা হক আর আমি সরাসরি থাকব দেশ টিভিতে৷ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গান করব৷ এই তো!
আর ছায়ানটে?
দুদিনব্যাপী উৎসব হচ্ছে ছায়ানটে৷ আমি গান করব ৯ মে, উৎসবের দ্বিতীয় দিনে৷
রবীন্দ্রনাথ কেন এখনো আপনাকে টানে?
সে তো ব্যাখ্যা দিতে গেলে বিশাল ব্যাপার হবে! এককথায় যেটা বলা যায়, রবীন্দ্রনাথের গান বিশেষভাবে বাণীপ্রধান গান৷ বিচিত্র তাঁর সুরসম্ভার৷ আমার এই ছোট্ট জীবনে যা বুঝেছি, তাতে জীবনের এমন কোনো জায়গা নেই, যা রবীন্দ্রনাথ স্পর্শ করেননি৷
ওয়াহিদুল হক বলতেন, আমরা যে চোখ দিয়ে দেখি, তার দৃষ্টিটাও তৈরি করে দিয়েছেন রবীন্দ্রনাথ...
ওয়াহিদ ভাই অনেক বড় মানুষ ছিলেন৷ তিনি আমার মনের কথাটাই বলেছেন৷ আমরা আসলে রবীন্দ্রনাথের চোখে দেখেই চারপাশটা আবিষ্কার করি৷
যুগ পাল্টেছে৷ নতুন প্রজন্মের কাছে কী করে পৌঁছাবে রবীন্দ্রনাথ?
আক্ষরিক অর্থে রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, জানতে গেলে রবীন্দ্রসাহিত্য পড়তে হবে৷ তাঁর গান শুনতে হবে৷ তাতে মানুষের মনে নাড়া লাগবে, দোলা লাগবে৷ আর যাঁরা শিক্ষার আলো পাননি, তাঁদের কাছে রবীন্দ্রনাথের বাউল ও কীর্তন ধাঁচের গান তো আছেই৷ দেড় শ বছর আগেও রবীন্দ্রনাথ আধুনিক ছিলেন৷ তাঁর বেশ কিছু গান আছে সাদামাটা কথায়, না বুঝতে পারার কোনো কারণ নেই৷
যেমন?
যেমন, ‘আমার পরান যাহা চায়’ কিংবা ‘দিবসরজনী আমি যেন কার আশায় আশায় থাকি’৷ এগুলো কি দুর্বোধ্য লাগছে?
একেবারেই না৷ আপনাকে ধন্যবাদ৷
ধন্যবাদ ৷
জাহীদ রেজা নূর