
মাছাহিকো টোগাওয়া জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় আয়োজিত ‘রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা’ অনুষ্ঠানে বক্তৃতা দিতে এসে বললেন, ‘যখন বাংলাদেশে আসতে চেয়েছিলাম, তখন অনেক জাপানি বন্ধু আমাকে বাধা দিয়েছিলেন। আমি কারও কথা শুনিনি। বাংলাদেশি বন্ধুদের টানে আমি চলে এলাম। আমার মনে সারাক্ষণই “যদি তোর ডাক শুনে কেউ না আসে” গানটি বাজছিল। এ দেশে এসে দেখলাম, সবকিছু ভালো চলছে।’
বাংলাদেশ-ভারত-জাপান-চীনের রবীন্দ্র গবেষক, রবীন্দ্রবিষয়ক শিক্ষার্থীদের নিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রচর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর উত্তরা ক্লাবে শুরু হলো দুই দিনের ‘রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
সম্মেলনের উদ্বোধক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে রবীন্দ্রনাথকে ধারণ করি। আমাদের সুখে-দুঃখে-সংকটে তিনি প্রবলভাবে উপস্থিত সব সময়। জাতিসত্তা বোধে অনুপ্রাণিত হয়ে বাঙালি যেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠেছিলেন নিরন্তর প্রেরণার উৎস।’ সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ নয়। রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনার মূল বিষয় হলো নান্দনিকতা, মানবিকতা ও আনন্দের সঙ্গে শিক্ষালাভ। শুধু পুথিগত শিক্ষা নয়, প্রকৃত জ্ঞান অর্জনকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আমাদের শিক্ষায় মানবিকতা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ, নান্দনিকতা ও আনন্দযোগের অভাব রয়েছে।’ মননশীলতাকে সমৃদ্ধ করতে রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনার ওপর ব্যাপক গবেষণা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন মন্ত্রী।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইয়াসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী, চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ঝাংঝিং ও জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাছাহিকো টোগাওয়া।
আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা তাঁর সময়ের চেয়ে অগ্রসর ছিল। প্রকৃতির সঙ্গে ব্যক্তির, ভাবনার সঙ্গে কর্মের, জ্ঞানের সঙ্গে মনুষ্যত্ববোধের, স্থানিকতার সঙ্গে আন্তর্জাতিকতার, আহরণের সঙ্গে প্রকাশনের, আনন্দের সঙ্গে শিক্ষা লাভের যে চিন্তা তিনি করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। স্বাগত বক্তব্য দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রচর্চা কেন্দ্রের অধিকর্তা মুনমুন গঙ্গোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ হায়াৎ মামুদ। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক চেন শিনের বললেন, ভারতবর্ষের তুলনায় চীনে রবীন্দ্রনাথ চর্চা নেহাত মন্দ নয়।
আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এস এম আবু দায়েন জানান, রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা বিষয়ে ১৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোতে রবীন্দ্র সাহিত্যে শিক্ষা ও সমাজজীবনের বহুমাত্রিক প্রেক্ষাপটের পাশাপাশি নান্দনিকতার দিকটিও আলোচিত হবে।
অনুষ্ঠানে রবীন্দ্র গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য সৈয়দ আকরাম হোসেন ও আহমদ রফিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।