'রবীন্দ্রমেলা'য় আহমদ রফিককে আজীবন সম্মাননা

‘রবীন্দ্রমেলা’য় আজীবন সম্মাননা পেলেন রবীন্দ্রগবেষক আহমদ রফিক। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৪’ আয়োজন করেছে চ্যানেল আই। কাল বৃহস্পতিবার চ্যানেল আই প্রাঙ্গণে মেলার উদ্বোধন হবে বেলা ১১টায়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে আহমদ রফিকের হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট, উত্তরীয় ও এক লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হুসাইন, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, টিভি ব্যক্তিত্ব আলী ইমাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার মঞ্চ থেকে বিকেল পর্যন্ত পরিবেশন করা হবে রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, কবিতা আবৃত্তিসহ নানা কিছু। রেজওয়ানা চৌধুরী বন্যার অডিও অ্যালবাম কোন গগনের তারার মোড়ক খোলা হবে এই মেলায়। আরও থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। পুরো আয়োজনটি চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে।