'রব' রবে নীরবে

দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। ভাঙা কাচ আর মন যে জোড়া লাগে না, প্রমাণ হয়ে গেছে সেটাও। বেশ কয়েকবারের জোড়াতালির চেষ্টা শেষ পর্যন্ত নিষ্ফল। কিন্তু এখনো যে ‘রব’কে ভুলতে পারছেন না ক্রিস! ক্রিস্টেন স্টুয়ার্টের মনের আয়নায় এখনো রবার্ট প্যাটিনসনের ছায়ামূর্তির আনাগোনা। গত মাসে ২৩ বছর বয়সী এই অভিনেত্রীকে লাল কার্ড দেখিয়ে দেন ২৭ বছর বয়সী প্যাটিনসন। রুপালি পর্দার অমর বেলা-এডওয়ার্ডের প্রেম মর্তে মরমর প্রমাণ হয়ে যায়।
তবে স্টুয়ার্টের কাছের এক বন্ধুর কাছ থেকে জানা গেল, ‘সে এখনো রবার্টকে ভালোবাসে। এখন পর্যন্ত অন্য কারও সঙ্গে ওর প্রেম করার সম্ভাবনা একেবারেই শূন্য। শুধু প্রেমিক নয়, ক্রিস্টেন নিজের সবচেয়ে ভালো বন্ধুটাকেও হারিয়েছে। ওর একটা অংশই যেন মরে গেছে। এখনো সে গভীর শোকে আচ্ছন্ন।’
নিন্দুকেরা অবশ্য বলতে পারেন, প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করে অন্য কারও সঙ্গে প্রেমের সংক্ষিপ্ত কিন্তু ঝোড়ো টি-টোয়েন্টি ইনিংসটি খেলার সময় স্টুয়ার্টের এসব মনে ছিল না! এখন মায়াকান্না কেঁদে কী লাভ! আইএএনএস।