‘রাজ ৩’-এ বিপাশার চরিত্রে আমিশার ছায়া!
বিক্রম ভাট পরিচালিত ‘রাজ ৩’ ছবিতে হতাশ ও ঈর্ষাকাতর একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে বিপাশা বসুকে। কয়েক দিন ধরে গুঞ্জন চলছিল, এ চরিত্রে বিক্রমের সাবেক প্রেমিকা ও বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেলের ছায়া খুঁজে পাওয়া যাবে। সম্প্রতি এ গুঞ্জনের পক্ষেই রায় দিয়েছেন বিক্রম ভাট।বিক্রম ভাট বলেন, ‘সব শিল্পই একজন শিল্পীর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উত্সারিত হয়। আমিশা আর আমি যখন একসঙ্গে ছিলাম, তখন আমাদের দুজনের ক্যারিয়ারেই ধস নেমেছিল। আমি খুব কাছ থেকে দেখেছি, ব্যর্থতা মানুষের ওপর কতটা খারাপ প্রভাব ফেলে।’ এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে।‘রাজ ৩’ ছবির প্রযোজক মহেশ ভাটও সুর মিলিয়েছেন বিক্রমের সঙ্গে। এই ছবিতে আমিশার জীবনের ছায়া খুঁজে পাওয়া যাবে কি না এমন প্রশ্নে হ্যাঁসূচক জবাবই দিয়েছেন মহেশ ভাট। তিনি বলেন, ‘কাজ শুরুর কয়েক বছরের মাথায় একজন অভিনেত্রীর জীবনে অনিশ্চয়তা আসাটা খুবই স্বাভাবিক। আমরা এই বিষয়কে উপজীব্য করেই ‘রাজ ৩’ ছবির কাহিনি সাজিয়েছি। আমিশার সঙ্গে প্রেমসহ আরও নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছে বিক্রম। তার ওপর ভিত্তি করেই ‘রাজ ৩’ ছবিতে বিপাশা বসুর চরিত্রটি নির্মাণ করা হয়েছে।’আমিশার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘সবারই মতপ্রকাশের স্বাধীনতা আছে। কাজেই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ তিনি বলেন, ‘আমার নিজের প্রোডাকশনের ছবিসহ আরও বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এখন সেসব কাজ নিয়েই মনোযোগী থাকতে চাই।’