
পিয়া। একসময় র্যাম্প নিয়েই ব্যস্ত ছিলেন। এখন টিভি নাটক আর চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক করপোরেট।
করপোরেট...
নাটকে আমি স্মার্ট একটা মেয়ে। কিছু না বুঝে প্রতারণার ফাঁদে পা দিই। যখন সরে আসার চেষ্টা করি, তখন আমাকে নিয়ে শুরু হয় জটিলতা।
নাটকের পিয়া...
প্রস্তাব পেলেই নাটকে অভিনয় করছি না। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। সম্প্রতি রায়হান খান পরিচালিত একটি নাটকের কাজ করেছি। নাম কালার। কাজ করেছি ব্যাংককের পাতায়ায়। নাটকটির বাজেট সিনেমার চেয়েও বেশি।
র্যাম্প থেকে অভিনয়ে...
র্যাম্পে অনেক দিন ধরে কাজ করছি। দেশের বাইরেও বিভিন্ন জনপ্রিয় র্যাম্পে ক্যাটওয়াক করেছি। কিন্তু দেশের র্যাম্পগুলোতে দেখতাম শো স্টপার হিসেবে চলচ্চিত্র কিংবা অভিনয়জগতের মানুষদের প্রাধান্য দেওয়া হয়। তাদের কয়েকজনের র্যাম্পের জ্ঞান থাকলেও বেশির ভাগ শিল্পীর র্যাম্পে হাঁটার কোনো অভিজ্ঞতা নেই। ব্যাপারটি মেনে নিতে কষ্ট হতো। ভাবলাম, র্যাম্পের মেয়েরা যে অভিনয়েও পারদর্শী, তা দেখিয়ে দিতে হবে। সেই ভাবনা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছি।
আইন বিষয়ে পড়াশোনা...
আমি ব্রিটিশ স্কুল অব ল-এ আইন বিষয়ে পড়ছি। সামনে স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষা। অভিনয়ের পাশাপাশি আইন উপদেষ্টা হিসেবেও প্রতিষ্ঠিত হতে চাই।
ভবিষ্যতের পিয়া...
রাজনীতিবিদ হয়ে দেশের মানুষের সেবা করব। চলচ্চিত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর আমার তেমন ব্যস্ততা থাকবে না। তখন রাজনীতির সঙ্গে যুক্ত হবো।
‘প্রবাসী প্রেম’...
আমার নতুন চলচ্চিত্র। আজ (বুধবার) সন্ধ্যায় ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। টানা ২৫ দিন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ডারবান আর কেপটাউনে শুটিং করব। এরই মধ্যে গ্যাংস্টার রিটার্নস আর দ্য স্টোরি অব সামারা ছবির কাজ শেষ করেছি।
মনজুর কাদের