‘রাজলক্ষ্মী’ বিন্দু আর ‘শ্রীকান্ত’ মীর সাব্বির
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে একটি বড় ধারাবাহিক। নাম রাজলক্ষ্মী-শ্রীকান্ত। এতে রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করছেন বিন্দু আর শ্রীকান্ত হয়েছেন মীর সাব্বির। ৬ মে মৌচাকের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। এর পরিচালক জাহাঙ্গীর আলম জানান, রাজলক্ষ্মী-শ্রীকান্ত ধারাবাহিকটির দৈর্ঘ্য হবে ১০৪ পর্ব। বিন্দু জানান, প্রথম দিনের শুটিংয়ে তিনি নাচের দৃশ্যে অভিনয় করেছেন। স্কাউট প্রশিক্ষণ মাঠে তাঁবু টানিয়ে তা ধারণ করা হয়েছে। প্রথম দিনের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বিন্দু বললেন, ‘ক্ল্যাসিক চরিত্রগুলোতে অভিনয় করার সময় মন খারাপ হয়ে যায়। দেখা গেল, আমি সেই চরিত্রের মতো করে সেজেছি, কিন্তু আনুষঙ্গিক আর সবকিছুই গল্পের সঙ্গে ঠিক মানানসই হয়নি। সেদিক থেকে রাজলক্ষ্মী-শ্রীকান্ত ধারাবাহিকটি ব্যতিক্রম। উপন্যাসের গল্পের সঙ্গে পুরো পরিবেশের একটা মিল রাখার চেষ্টা করা হয়েছে।’ নাচ ছাড়া সেদিন আরও অনেক দৃশ্য ধারণ করা হয়েছে। শ্রীকান্ত চরিত্রটি করতে এসে বেশ আতঙ্কের মধ্যে আছেন মীর সাব্বির। বললেন, ‘ছোটবেলায় রাজলক্ষ্মী-শ্রীকান্ত চলচ্চিত্রটি দেখেছিলাম। ছবিতে শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ। এবার নাটকে অভিনয় করতে এসে খুব ভয় লাগছে। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব তো!’