'রাজা, তুমি ন্যাংটো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

নাটক দেখা হলো, তবে একই সঙ্গে তৈরি হলো খানিক অস্বস্তিও। কারণ, একসঙ্গে নাট্যকেন্দ্রের জোড়া নাটক দেখার পর মাথার ভেতরে ক্রমাগত ঘাই দিচ্ছিল কোনো এক নচ্ছাড় ‘বোধ’; ভাবনাগুলো ছড়িয়ে পড়ছিল প্রশ্নের আকারে, যে প্রশ্নের মুখোমুখি সচরাচর পড়তে নারাজ আমাদের নাগরিক মন। মনে পড়ল, বহু চর্চিত সেই কথাগুলো: শিল্পের মধ্যে থাকে এমন এক কৌশল, যে কৌশলে অবলীলায় বলা যায় ঠোঁট-কাটা কথা, হয়তোবা হাসতে হাসতেই বলা যায়, ‘রাজা, তুমি ন্যাংটো’।
এই যে কথাগুলো বললাম, এর পরিপ্রেক্ষিত নাট্যকেন্দ্রের নতুন দুই প্রযোজনা বন্দুকযুদ্ধ ও গাধার হাট। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে এক টিকিটে আমরা দেখলাম দুটি স্বল্পায়তনের নাটক—প্রথমে আলফ্রেড ফারাগ রচিত বন্দুকযুদ্ধ এবং পরে তৌফিক আল হাকিমের লেখা গাধার হাট। মিসরের এই নাটক দুটি বাংলাদেশের বাস্তবতায় রূপান্তর করেছেন তারিক আনাম খান; নির্দেশনাও তাঁর। বিষয়ের কারণেই নাটক দুটি সমকালীন বাংলাদেশের সঙ্গে মিলে যায় খাপে খাপে। মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা যে কথাগুলো বলতে চেয়েও আড়ষ্ট হয়ে যাই, সেই কথাপ্রসঙ্গই তো বারবার ঘুরেফিরে এল নাট্য-মধ্যে।
নির্দেশকের ভাষায়, প্রথম প্রযোজনা বন্দুকযুদ্ধ ‘অন্ধকার সময় আর বিশ্বাসঘাতকতার নাটক’। এর কাহিনিটি সাদামাটা। এক প্রচণ্ড শীতের রাতে কোনো এক গ্রামের চেয়ারম্যানের ঘরে আসে চৌকিদার। আমরা বুঝতে পারি, এতক্ষণ তার অপেক্ষাতেই বসে ছিল চেয়ারম্যান। চৌকিদার চেয়ারম্যানকে জানায়, তার কথামতো সে খবর দিয়েছে হায়েনাকে। আজ মাঝ রাতে সে আসবে চেয়ারম্যানের ঘরে। হায়েনা কি পশু, নাকি সে কোনো মানুষের নাম—নাটকের শুরুতে তখন পর্যন্ত আমাদের কাছে কিছুই স্পষ্ট নয়। আমরা তাই অপেক্ষা করি। জানতে পারি, হায়েনা পুলিশের খাতায় নাম ওঠা এক ভয়ংকর সন্ত্রাসী, যাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ; এবং যে চেয়ারম্যানের নানা অপকর্মের ‘করিতকর্মা’ সাক্ষীও বটে। এ পরিস্থিতিতে হায়েনাকে খুন করে নিজে সাফ-সুতরো হতে চায় চেয়ারম্যান। খুনের দায়িত্ব সে দেয় তার অপকর্মের আরেক সহযোগী চৌকিদারকে। কিন্তু চৌকিদারের মনে হয়, এ তো বেইমানি, বিশ্বাসঘাতকতা। অতঃপর সেই মাঝরাতে চেয়ারম্যান-চৌকিদার ও হায়েনা মুখোমুখি। আর এই তিন চরিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের পঙ্কিল রাজনীতির চেহারাটি যেন মাত্রা পেল বিশ্বাসযোগ্যতা ও বাস্তবতাসহ। সঙ্গে সঙ্গে আমরা বুঝে নিলাম ‘বন্দুকযুদ্ধে’র নানাবিধ মানে। খুলে গেল আমাদের মনের জানালার প্রথম কবাট।

গাধার হাট
গাধার হাট

তবে কবাটটি যে কেবল নাটকের কাহিনি ও বিষয়গুণে খুলে গেছে এমন তো নয়, প্রথম থেকেই নির্দেশক-অভিনেতারা এগিয়েছেন দর্শককে সঙ্গে নিয়ে। অভিনেতাদের অভিনয় ছিল দৃষ্টিনন্দন। বিশেষত আরিক আনাম খান ও শরীফ হোসেন সাবলিল অভিনয় করেন। মঞ্চে তাঁরা পুরো মাত্রায়ই সৃষ্টি করেছেন শীত রাতের আবহ। আর সেই আবহ আরও প্রস্ফুটিত হয়েছে নিপুণ আলোক পরিকল্পনা ও প্রয়োগের ফলে। যেমন শীত রাতের নিস্তব্ধতা বোঝাতে আলোর উৎস হিসেবে মঞ্চে কেবল ব্যবহার করা হয়েছে হারিকেন; আবার ফুট লাইটের মাধ্যমে মুহূর্তেই তৈরি করা হয়েছে শীতের উষ্ণতা। সব মিলিয়ে বাস্তবানুগ এ প্রযোজনাটি যখন শেষ হয়, তখন আমাদের সামনে এল গাধার হাট—গাধার হাটের ফ্যান্টাসি।
এ আরেক অভিনব প্রযোজনা, যা দর্শকের মনে বারবার প্রশ্ন তৈরি করে। নিদের্শক তারিক আনাম খানের বক্তব্য ধার করলে বলতে হয়, গাধার হাট ‘গতানুগতিক ধারার সাথে যুক্তিবুদ্ধি ও মুক্তচিন্তার দ্বন্দ্বের নাটক’। নির্দেশকের ভাষ্যেই পরিষ্কার এই দ্বিতীয় প্রযোজনাটিও বাংলাদেশের সমকালকে ছুঁয়ে যাবে।
নাটকের কেন্দ্রে আছে দুই বেকার যুবক। অর্থ উপার্জনের আশায় এই দুই যুবকের একজন একসময় এক সরলমতী কৃষকের কাছে বিক্রি হয় গাধা হিসেবে। তবে ওই কৃষকের বউয়ের চোখে সে গাধামাত্র নয়, ‘মানুষ-গাধা’। তো, সেই মানুষ-গাধা যুবক তার মনিব কৃষককে নানা বুদ্ধি ও সুপরামর্শ দেয়, এতে উন্নতি হয় কৃষকের। কিন্তু এটা মেনে নিতে পারে না কৃষকের বউ। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরিণতিতে কেড়ে নেওয়া হয় যুবকের কথা বলার অধিকার। এখানে কৃষক-পত্নীর সংলাপ উদ্ধৃত করি: ‘আমাদের তার (মানুষ-গাধা) মাথার কী দরকার? আমাদের দরকার চড়ার মতো কিছু একটা, আমাদের বোঝা বইবে আর এখানে-সেখানে নিয়ে যাবে। মাথা থাকলেই ঝামেলা।’
সংলাপ থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, বর্তমান সময় ও সামাজিক পরিস্থিতি কীভাবে মূর্তিমান এখানে। গড়নের দিক দিয়ে নাটকটি ফ্যান্টাসি ঘরানার। তবে এ ফ্যান্টাসির মধ্য দিয়ে যেসব সত্য উচ্চারিত হয়, তা ‘রাজা, তুমি ন্যাংটো’-এর চেয়ে কোনো অংশে কম নয়; আর প্রযোজনাটি খুলে দেয় মনের জানালার দ্বিতীয় কবাটটিও। এ নাটকে সাইফ আহমেদ, সংগীতা চৌধুরী, নোমান আহমেদ ও খান আতিকের অভিনয় চোখে লাগার মতো।
নাট্যকেন্দ্রের নতুন এই দুই প্রযোজনায় নির্দেশক তারিক আনাম খানের ঝোঁক বোধ করি নিরাভরণতার দিকেই—অভিনয়, ডিজাইন, সংগীত, আলোক ও মঞ্চ পরিকল্পনা—সর্বত্রই সেই ছাপ। চটকদার, ঝকমারি ও আড়ম্বর কোনো উপস্থাপনা নয়; এর বিপরীতে অনাড়ম্বর সহজ পরিবেশনার মধ্যে যে স্নিগ্ধতা আছে, সেই স্নিগ্ধতায় ঋদ্ধ এ দুই নাটকের পাটাতন। হ্যাঁ, বলতেই হচ্ছে নাটক দুটি আমাদের মুগ্ধ করেছে!