'রাত্রির যাত্রী'র দৃশ্যধারণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে মিলন, মৌসুমী ও সালাহউদ্দিন লাভলু
‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রে মিলন, মৌসুমী ও সালাহউদ্দিন লাভলু

প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল ‘রাত্রির যাত্রী’ সিনেমার কাজ। গত সপ্তাহে শেষ হলো সেটার শেষ ধাপের শুটিং। এবার ছবিটি ঢুকবে সম্পাদকের ঘরে, তারপর ডাবিং। এই দীর্ঘ সময় পর শুটিং শেষ হলো বলে স্বস্তি বোধ করছেন সিনেমা-সংশ্লিষ্ট সবাই।

ছবিটির নির্মাতা হাবিবুল ইসলাম জানালেন, তাঁরা ধীরে ধীরেই কাজ করেছেন। শেষ দিন দৃশ্যধারণ করা হয় রাজধানীর ইস্কাটনের একটি হাসপাতালে। এতে অংশ নেন অভিনয়শিল্পী মৌসুমী ও মিলনসহ আরও অনেকে। বেশ কয়েকটি দৃশ্য সেখানে ধারণ করা হয়। ওই হাসাপাতালটি ছাড়াও শেষ ধাপের শুটিংয়ে দৃশ্যধারণ করা হয় উত্তরা, এফডিসিসহ বেশ কিছু জায়গায়। পরিচালক বলেছেন, ‘একটা সুন্দর ও পরিচ্ছন্ন ছবি করব বলেই সময় নিয়েছি। শুটিংয়ের কাজ শেষ। শিগগির ডাবিং ও এডিটিংয়ে যাব।’ তিনি জানান, সম্পাদনা ও ডাবিং শেষ হলে এ বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে।
‘রাত্রির যাত্রী’ ছবিটির একটি আইটেমে গানে অংশ নিয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার ও মুক্তা হাসান প্রমুখ।