‘রানওয়ে’ এবার ডুয়েটে
জঙ্গিবাদকে উপজীব্য করে নির্মিত তারেক মাসুদের চলচ্চিত্র রানওয়ে এবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)। দেশব্যাপী প্রদর্শনের ধারাবাহিকতায় কাল বৃহস্পতিবার গাজীপুরের ডুয়েট অডিটরিয়ামে প্রদর্শিত হবে রানওয়ে চলচ্চিত্রটি। বিকেল চারটার প্রদর্শনীতে মূল ছবি ‘রানওয়ে’র সঙ্গে প্রদর্শিত হবে একই নির্মাতার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’। শ্রুতিচিত্রের আয়োজনে প্রদর্শনীর সহযোগিতায় রয়েছে সৃজনী চলচ্চিত্র সংসদ। উল্লেখ্য, এর আগে রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রানওয়ে’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং রাজশাহী বিভাগীয় কমিশনার আসাদ মান্নান। সমাপনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন।গাজীপুরের ডুয়েটের পর এ মাসের শেষ দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রানওয়ে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানা গেছে।