‘রানওয়ে’ ও নরসুন্দর’ দেখার জন্য দর্শকদের আগ্রহ
শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রানওয়ে ও নরসুন্দর ছবি দুটি দেখার ব্যাপারে দর্শকদের দারুণ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বেলা একটা ও সন্ধ্যা সাতটায় একই সঙ্গে দেখানো হবে ছবি দুটি। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ রানওয়ে, নরসুন্দর ও মুক্তির কথা ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আছেন বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আনোয়ার চৌধুরী। তিনি জানান, বেলা ১১টায় মুক্তির কথা ও নরসুন্দর ছবি দুটির প্রদর্শনীর আয়োজন করা হয়। অনেক দর্শকই রানওয়ে ও নরসুন্দর ছবি দুটি দেখার ব্যাপারে বেশি আগ্রহী। তাই দর্শকেরা বেলা একটা ও সন্ধ্যা সাতটার শোর অগ্রিম টিকিট সংগ্রহ করছেন। টিকিটের দাম ১০০ টাকা। প্রদর্শনীগুলোর টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ তারেক মাসুদের সঙ্গে একই দুর্ঘটনায় নিহত তিনজন চলচ্চিত্রকর্মীর পরিবারকে দেওয়া হবে।বেলা তিনটায় হবে ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ অনুষ্ঠান’। ১৩ আগস্ট মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ, মিশুক মুনীর এবং আরও তিনজন চলচ্চিত্র কর্মী। রানওয়ে ও নরসুন্দর ছবি দুটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারেক মাসুদ, প্রধান চিত্রগ্রাহক ছিলেন মিশুক মুনীর।