‘রানওয়ে’ যখন চট্টগ্রামে
ছুটে চলা জীবনটা রানওয়ে স্পর্শ করার আগেই একরাশ বিষ্ময় নিয়ে উদয় হয়নরসুন্দর। তাতে দর্শকের তৃপ্তি বাড়ে, কারণ বন্দরনগরে এই প্রথম কোনো মুক্তি পাওয়া চলচ্চিত্র দেখতে এসে দুটি ছবি দেখার স্বাদ পেলেন তাঁরা। রানওয়ে ছবিতে স্বাধীন বাংলাদেশের অন্ধকার সময়ের মর্মন্তুদ কিছু ঘটনা দেখার আগে সবাইকে মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল ১৫ মিনিটের ছবি নরসুন্দর।তারেক মাসুদ পরিচালিত ও ক্যাথেরিন মাসুদ প্রযোজিত রানওয়ে চট্টগ্রামের দর্শকদের মন জয় করেছে। ছবিটি দেখতে দর্শকদের ঢল নেমেছিল। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার মহান বিজয় দিবসে বিকাল পাঁচ টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়। পরে প্রতিদিন চারটি করে প্রদর্শনী ছিল এবং প্রতিটি প্রদর্শনীই ছিল দর্শকপূর্ণ। শ্রুতিচিত্র ও চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র এ প্রদর্শনীর আয়োজন করে। বৃহস্পতি থেকে শনিবার, তিন দিন সকাল-বিকেল টিআইসির সামনে দীর্ঘ লাইন ছিল দর্শকদের। সাপের মতো এঁকে-বেঁকে সেই লাইন চলে গিয়েছিল ফটকের বাইরের সড়কেও।চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ জানান, ‘থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আসন ছিল ২৪০টি, অতিরিক্ত আরও ২০টি চেয়ার বসানো হয়েছিল। কিন্তু এর পরও আসন না পেয়ে অনেককে ফিরে যেতে হয়েছে।’প্রদর্শনীর আগে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন ছবির পরিচালক তারেক মাসুদ। তাতে তিনি দেশের চলচ্চিত্রশিল্পের অতীত ও বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘একটি ভালো ছবি বানানোর পর সেন্সর বোর্ডসহ আমলাতন্ত্রের স্তরে স্তরে এমন হয়রানির শিকার হতে হয় যে তাতে ছবিটার ১৩ টা বাজে।’ তিনি মাটির ময়না নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেন। বলেন, ‘বিদেশে প্রশংসিত এই ছবিটি বিচিত্র কারণে দেশের সর্বত্র দেখানো সম্ভব হয়নি।’চট্টগ্রামে ছবি মুক্তি দেওয়া প্রসঙ্গে তারেক মাসুদ বলেন, ‘এখন সব কিছুই রাজধানীকেন্দ্রিক। আমার বিশ্বাস ছিল চট্টগ্রামের মানুষ ভালো ছবির কদর করতে জানেন। আমার ইচ্ছা পূরণ হয়েছে, আশাতীত সাড়া পেয়েছি। এর পর আমি রানওয়ে নিয়ে সিলেট, বগুড়া, রাজশাহীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যাব। যাঁদের জীবন নিয়ে এ ছবি আমি তাঁদের দেখাতে চাই।’৯০ মিনিটের এ ছবির ঘটনা ও চরিত্রগুলো আমাদের বড়ই চেনা। ২০০৫-০৬ সালে ধর্মের নামে যে সব বজ্জাতি হয়েছিল এ দেশে তাই তুলে ধরা হয়েছে ছবিতে। বিমানবন্দরের পাশে ছোট্ট কুটিরে এক জন রহিমার জীবন-সংগ্রাম, চাকরির সন্ধানে থাকা পরিবারের একমাত্র যুবক রুহুলের জঙ্গিদের পাল্লায় পড়া, আর তাতে ওই পরিবারের কী দশা হয়েছিল, সর্বোপরি সমাজের ও দেশের—তা দেখে দর্শকদের চোখ ভিজে যায়। ছবিতে ‘প্রতারক রাজনীতি’র মুখোশও খুলে দেওয়া হয়েছে। ২০০৫-০৬ সালে দেশজুড়ে বোমা হামলার আড়ালে ছিল কোন শক্তি তা উন্মোচনের দুঃসাহস দেখিয়েছেন পরিচালক। পর পর দুই দিন ছবিটি দেখেছেন ব্যাংকার আজাদ মঈনুদ্দীন। তিনি বলেন, ‘ছবিতে কেউ তারকা নন, আবার সবাই তারকা। নাচ নেই, নেই স্থুল প্রেমের সুঁড়সুঁড়ি। তারপরও পর্দা থেকে এক সেকেন্ডের জন্য চোখ ফেরানো যায় না।’ ১৬ ডিসেম্বর বন্ধুদের নিয়ে রানওয়ে দেখেছেন চাকরিজীবী ফাহাদ বিন আজিজ। তিনি বলেন, ‘নরসুন্দর ছবিতে সাম্প্রতিক সময়ের অন্ধকার সময়কে তুলে আনা হয়েছে। ছবির শিল্পিত দৃশ্যায়নে মুগ্ধ হয়েছি আমি।’চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বলেন, ‘প্রচলিত ধারার বাইরে গিয়ে তারেক মাসুদ চট্টগ্রামেই তাঁর ছবিটির মুক্তি দিয়েছেন, আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। দর্শকদের অভাবিত সাড়া পেয়ে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।’