
রিচি সোলায়মান। অভিনয়শিল্পী।ইদানীং নাটক প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছেন। আজ বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক গপ্পো। লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করছেন হিমেল আশরাফ।এই নাটকে অভিনয় করেছেন রিচি।
খুব ব্যস্ত নাকি?
হ্যাঁ, উত্তরায়, নাটকের শুটিং করছি।ঈদের কাজ। পরিচালক ফয়সাল রাজিব। নাটকের নাম গোপন কিছু কথা।
আজ থেকে ‘গপ্পো’ নাটকটি প্রচারিত হবে।
এটি আমার নতুন ধারাবাহিক। অভিনয়ের পাশাপাশি নাটকটির প্রযোজকও আমি। প্রযোজক হিসেবে নাটকের ক্ষেত্রে কোনো আপস করিনি। যেখানে যতটা বাজেট দরকার, দিয়েছি। শিল্পী নির্বাচন করার ক্ষেত্রেও তা-ই।
আপনার প্রযোজনা প্রতিষ্ঠানের কথা বলুন।
কয়েক বছর আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করি। নাম ‘নীলাঞ্জনা’। সময়-সুযোগ পেলে এখান থেকে নাটক তৈরি করি। নাটকের বাজার এখন মন্দা। নাটকের ব্যবসা এজেন্সি নিয়ন্ত্রণ করে। নাটক নির্মাণ হচ্ছে। খারাপ নাটকগুলোর ভিড়ে ভালো নাটকগুলো হারিয়ে যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি, এই পরিবেশটা থাকবে না। অবশ্যই এর পরিবর্তন হবে।
এখন প্রতিদিন টিভিতে আপনার রান্নার অনুষ্ঠান দেখছি।
রান্না আমি খুব পছন্দ করি। যেদিন বাসায় থাকি, সেদিন নিজে রান্না করি। নতুন নতুন রেসিপির খাবার তৈরি করতে ভালো লাগে। অনেক ধরনের রান্না করি। আমার হাতে রান্না করা খাবারের মধ্যে চিকেন বিরিয়ানি ও চায়নিজ আইটেম সবাই খুব পছন্দ করে।
ঈদের কতগুলো নাটকে অভিনয় করলেন?
খুব বেশি না। এর মধ্যে অবশ্য একটি নাটক প্রযোজনাও করেছি। নাম এটি একটি সিনেমার গল্প। পরিচালক গোলাম সোহরাব দোদুল। আমার অভিনীত তিনটি নাটেকর পরিচালক মাহফুজ আহমেদ আর দুইটির ইমরাউল রাফাত।
ঈদের ছুটিতে কী করবেন?
সারা বছর ব্যস্ত থাকি। পরিবার আর নিজেকে সময় দেওয়া হয় না। ঈদের ছুটিতে শুধুই ঘুমাব। আর বাচ্চা ও আত্মীয়দের সঙ্গে সময় কাটাব।
বিনোদন প্রতিবেদক