'রান্নার কাজটা দারুণ উপভোগ করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্নাল।অনেকের কাছেই তিনি জলের গান ব্যান্ডের সদস্য।কিন্তু তিনি অভিনয় করছেন, নির্দেশনা দিচ্ছেন, চলচ্চিত্র বানাচ্ছেন।আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক তাঁতি।এই নাটকের নির্দেশক তিনি।

জার্নাল
জার্নাল

আপনি মঞ্চের নাটক নির্দেশনা দিচ্ছেন কবে থেকে?
তা অনেক দিন। প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ১৬তম ব্যাচের একটি নাটকের নির্দেশনা দিয়েছিলাম। এবার দিয়েছি ২৬তম ব্যাচের জন্য। নাটকের নাম তাঁতি। এ ছাড়া প্রচ্যনাটের দুটি অণুনাটকের নির্দেশনাও দিয়েছি। নাটক দুটির নাম লাশের দেশ ও বায়োস্কোপ।
প্রাচ্যনাটের সঙ্গে আছেন কত দিন?
২০০১ সাল থেকে। এ পর্যন্ত দলের কইন্যা, রাজা, গন্ডার ও সার্কাস সার্কাস নাটকে অভিনয় করেছি। এর আগে ছিলাম হবিগঞ্জে। ওখানে লিটল থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম।
আপনাকে এখন জলের গান ব্যান্ডের সদস্য হিসেবেই অনেকে জানে।
জলের গান ব্যান্ডের শুরুটা হয়েছিল ২০০৬ সালে। অবশ্য তার অনেক আগে থেকেই এই ব্যান্ড গঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম।
কিছুদিন আগে টিভির একটি অনুষ্ঠানে আপনি রান্না করেছেন। এটিএন নিউজের ‘নস্টালজিয়া’য়।
হ্যাঁ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চন্দ্রশেখর সাহা, পরিচালক আফসানা মিমি। বাসায় থাকলে আমি প্রায়ই রান্না করি। খেতে তো হবে। রান্নার কাজটা আমি দারুণ উপভোগ করি! তরকারিতে তেল, মসলা, লবণটা নিজের মতো করে দিলে তৃপ্তি পাই।
আপনার পছন্দের রান্না কোনটি?
খিচুড়ি, শুঁটকি মাছের ভর্তা আর শুঁটকির ভুনা তরকারি।
রান্নার ব্যাপারে আপনার স্ত্রী কতটা সহযোগিতা করেন?
শতভাগ। আর ও যখন নিজে রান্না করতে চায়, আমি স্বাগত জানাই।
আপনি তো আবার চলচ্চিত্র পরিচালক।
আমি পড়াশোনা করেছি ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে। স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র আর তথ্যচিত্র তৈরি করেছি। ২০০৭ সালে ঢাকায় প্রামাণ্যচিত্র উৎসবে আমার তৈরি তথ্যচিত্র ছবির হাট ‘ইয়ং ফিল্ম মেকার পুরস্কার’ পায়। এর পরের বছর ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আমার কাহিনিচিত্র স্টে ইন টাচ সেরা ছবির পুরস্কার পায়।