‘রান’ ছবিতে সব্যসাচী
রান ছবিতে অভিনয় করে গেলেন সব্যসাচী চক্রবর্তী। তিনি ঢাকায় এসেছিলেন গত ২৯ অক্টোবর। বিমানবন্দর থেকেই সোজা চলে যান সিলেটে, যেখানে রান ছবির শুটিং হচ্ছে। গতকাল সোমবার বিকেলে ফিরে গেলেন কলকাতায়। বিমানবন্দরে যাওয়ার আগে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘পুরো পাঁচ দিন কাজ করেছি। মাঝে এক দিন বিশ্রাম নিয়েছি। চমৎকার অভিজ্ঞতা। বাংলাদেশের আতিথেয়তার গল্প তো অনেক শুনেছি। এবার তা দেখে আমি নিজেই মুগ্ধ।’সব্যসাচী চক্রবর্তী জানালেন, এবারই প্রথম বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন তিনি। এর আগে বাংলাদেশে এসেছিলেন ১৯৮৯ সালে। তখন চারবাক তিনটি মঞ্চনাটক নিয়ে ঢাকায় এসেছিল—এ এক ইতিহাস, গদ্য পদ্য প্রবন্ধ ও সতী। এই তিনটি নাটকেই অভিনয় করেছিলেন তিনি।মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে রান ছবিটি নির্মাণ করছেন আফসানা মিমি। ছবির শুটিং শুরু হয়েছে ২৬ অক্টোবর, সিলেটে।সব্যসাচী চক্রবর্তী রান ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা বললেন এভাবে: ‘ছবিতে আমার চরিত্রটি মেজর সামসাদের। পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করছি। মুক্তিযুদ্ধের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমি মানুষের ওপর নানাভাবে অত্যাচার করি। ছবির কিছু কাজ বাকি আছে। আমি আবার আসব ফেব্রুয়ারি মাসে।’রান ছবির শুটিংয়ে এখন অংশ নিচ্ছেন ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, রাহুল আনন্দ প্রমুখ।