
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের প্রাচীন ও সমৃদ্ধ। অন্যদিকে রাশিয়ার শিল্প-সাহিত্য বিশ্বব্যাপী সমাদৃত ও গুণে-মানে শ্রেষ্ঠ। আমরা দুই দেশের সংস্কৃতির বিনিময় চাই। বিশ্বায়ন ও প্রযুক্তির এ যুগে পৃথিবীটা চলে এসেছে হাতের মুঠোয়, এখানে একক ও বিচ্ছিন্নভাবে বসে থাকার সুযোগ নেই। অর্থনৈতিক ও রাজনৈতিক কূটনীতির পাশাপাশি বর্তমানে ‘সাংস্কৃতিক কূটনীতি’ কথাটিও জোরেশোরে উচ্চারিত হচ্ছে। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে সাংস্কৃতিক যোগাযোগ ও বিনিময় আজ অপরিহার্য একটি বিষয়।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল শিল্পকলা একাডেমীর সংবাদ সন্মেলনে এ সব কথা বলেন। তিনি জানান, ‘বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে বাংলাদেশে “রাশিয়ান সাংস্কৃতিক দিবস” উদ্যাপিত হতে যাচ্ছে। এর মাধ্যমে রাশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে আমরা সম্যক ধারণা পাব। এ দেশের আবহমান সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
আগামীকাল ২১ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশে ‘রাশিয়ান সাংস্কৃতিক দিবস’ উদ্যাপন করা হবে। দিবসটি ঢাকা ও চট্টগ্রামে আলাদাভাবে উদ্যাপিত হবে। এসব অনুষ্ঠানে মোট ৪৭ জন রাশিয়ান শিল্পী অংশগ্রহণ করবেন। ২১ ও ২২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রাশিয়ান দলের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ২৩ নভেম্বরের অনুষ্ঠান ঢাকার রাশিয়ান দূতাবাসে অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলয়ানয়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন রাশিয়ান শিল্পীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ নিকোলায়েভ ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।