‘রাশিয়ায় মাদকাসক্তি বাড়ার পেছনে বিটলস’!
আধুনিক রাশিয়ায় মাদকাসক্তি বাড়ার জন্য তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড বিটলসকে দুষলেন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যালকোহল ও মাদকাসক্তি বিভাগের প্রধান বিশেষজ্ঞ ইয়েভজানি ব্রিয়ুন।সম্প্রতি মস্কোতে এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ ইয়েভজানি এ কথা বলেন। তাঁর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে হাফিংটন পোস্ট জানিয়েছে, ‘মাদকের মাধ্যমে মানসিক অবস্থা পরিবর্তনের উদ্ভট ধারণা সাধারণ মানুষের মাথায় ঢুকিয়েছিল বিটলস। একসময় চেতনার প্রসার ঘটানোর নামে ভারতের বিভিন্ন আশ্রমে ভ্রমণ করেছেন জনপ্রিয় এই ব্যান্ডটির সদস্যরা। সাইকাডেলিক ও সাইকোঅ্যাক্টিভ মাদক নিয়েও নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন বিটলসের সদস্যরা।’ইয়েভজানি আরও বলেছেন, বিটলসের এসব কর্মকাণ্ডের পর মাদকদ্রব্যের ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেন। রাশিয়ায় ‘মাদক মহামারি’র সূচনাটা এভাবেই হয়েছিল। আজও রীতিমতো বিজ্ঞাপন দিয়ে মাদকের ব্যবহারকে উত্সাহিত করা হচ্ছে। তিনি বলেছেন, মাদকবিরোধী প্রচারণায় অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত মিডিয়ার। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে গণমাধ্যমকে।এ বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ফেডারেল ড্রাগ কন্ট্রোল সার্ভিসের প্রধান ভিক্টর ইভানভ জানিয়েছেন, ২০০০ সালের পর থেকে রাশিয়ায় মাদকাসক্ত মানুষের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। অন্তত ৫০ লাখ মাদকাসক্ত রয়েছে দেশটিতে।